চিকিৎসকের অবহেলায় সাংবাদিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতাছিম বিল্লাহর অবহেলার কারণে কুড়িগ্রামের রৌমারী থেকে প্রকাশিত পাক্ষিক দ্বীপদেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম এ বাছেদ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।নিহত ব্যক্তির ভাই মিনহাজ উদ্দিন অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যায় কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন এম এ বাছেদ। তাঁকে রৌমারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত নয়টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন রোগীকে অক্সিজেনের সুবিধাসহ অ্যাম্বুলেন্সে করে কুড়িগ্রাম বা রংপুর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু মোতাছিম বিল্লাহ অ্যাম্বুলেন্স নিয়ে চিলমারীর বাইরে যাওয়া যাবে না বলে জানিয়ে দেন। বাছেদের স্ত্রী, ভাই ও স্বজনেরা অনেক অনুনয়-বিনয় করলেও মোতাছিম বিল্লাহ আজাদ তাঁর কথায় অনঢ় থাকেন। পরে চিলমারীর সাংবাদিকেরা খবর পেয়ে বিষয়টি সিভিল সার্জন লোকমান হাকিমকে জানান। তিনি মোতাছিম বিল্লাহকে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স প্রদানের নির্দেশ দেন। এর পরও মোতাছিম বিল্লাহ অ্যাম্বুলেন্স দেননি। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের বারান্দায় বাছেদের মৃত্যু হয়।এ ব্যাপারে মোতাছিম বিল্লাহ জানান, অ্যাম্বুলেন্সটির ত্রুটি রয়েছে। এ কারণে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, অ্যাম্বুলেন্সটি চিলমারীর বাইরে যাবে না। এ কারণে অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি। এদিকে লোকমান হাকিম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের জন্য সরকার দিয়েছে। মনগড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কারও নেই। সাংবাদিক বাছেদের মৃত্যুর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসককেই নিতে হবে। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ করে। সমাবেশ থেকে সিভিল সার্জনকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়, এ সময়ের মধ্যে অভিযুক্ত চিকিৎসককে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।