চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি শুরু
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।সূত্র জানায়, গত রোববার রাত পৌনে ১১টার দিকে মাধবপুর পৌর এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমানের ভাইসহ তিন যুবক আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে কোনো কারণ ছাড়াই ওই বিএনপির নেতার নেতৃত্বে তাঁর সমর্থকেরা জরুরি বিভাগের চিকিৎসক তরুণ কান্তি পালের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকেন। প্রাণে বাঁচতে এ সময় তিনি অন্য একটি কক্ষে গিয়ে আত্মরক্ষা করেন। এর প্রতিবাদে ওই দিন রাতেই চিকিৎসকেরা জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেন। হামলার শিকার চিকিৎসক তরুণ কান্তি পাল বলেন, ‘রোগীদের কোনো অভিযোগ ছিল না। তার পরও ওই বিএনপি নেতা আমাকে অকথ্য ভাষায় গালি দেন। এ সময় তাঁর সঙ্গে এক যুবক আমাকে মারতে থাকে।’মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশীষ দেবনাথ বলেন, চিকিৎসকেরা কর্মবিরতি পালন করলেও জরুরি বিভাগের চিকিৎসা অব্যাহত রয়েছে। বিএনপির নেতা হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।