চিকিৎসকের ওপর হামলার বিচার দাবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। গতকাল সোমবার শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
ছয় মাসের একটি শিশু শুক্রবার হাসপাতালে আসে। শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচার শেষে তাকে ২০৫ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে তার স্বজনেরা জড়ো হয়ে শোরগোল করলে শিক্ষানবিশ চিকিৎসক ফারহানা আফরিন তাঁদের বারণ করেন। তখন শিশুটির নানা কুরবান আলীর সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়, যোগ দেন অন্য স্বজনেরাও। একপর্যায়ে ফারহানার হাতে কাচের গ্লাস দিয়ে আঘাত করে চলে যান তাঁরা। এ খবর শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। পরে তাঁরা জরুরি বিভাগের ফটক বন্ধ করে বিক্ষোভ করেন।
এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেন। তাঁরা নানা ফেস্টুনের মাধ্যমে তাঁদের দাবিগুলো উত্থাপন করেন। সেখান থেকে তাঁরা হাসপাতালের পরিচালককে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।