চিকিৎসকের ওপর 'হামলার' প্রতিবাদে রোগী দেখা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানবিশ (ইন্টার্ন) চার চিকিৎসককে এক রোগী ও তাঁর স্বজনদের মারধরের অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার রোগী দেখাসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।
হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া আন্ত ও বহির্বিভাগে রোগী দেখা থেকে শুরু করে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে লিখিতভাবে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন। সংগঠনটির সদস্যরা ওই হামলাকারীদের শাস্তি এবং হাসপাতালে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেছেন।
ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি বাসেদ আহমেদ সরকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. সবুজ ভূঞা শুক্রবার রাত সাড়ে ১১টায় একজন নারী শিক্ষানবিশ চিকিৎসকের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে ওই রোগীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ সময় সবুজ তাঁর আত্মীয় সজীব হোসেন ভূঞা, নাজমুল হাসান ও মো. রাজনকে মুঠোফোনে খবর দিলে তাঁরা হাসপাতালে এসে একযোগে ওই শিক্ষানবিশ চিকিৎসকদের লাঞ্ছিত করেন। অন্য চিকিৎসকেরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সজীব, নাজমুল ও রাজনকে গ্রেপ্তার করে। আর সবুজ ভূঞাকে কারারক্ষী ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল থেকে গতকাল অন্তত ৫০ জন রোগী সেবা পাননি।
হাসপাতালের সহকারী পরিচালক ও আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল সোহেল অভিযোগ করেন, রোগী ও তাঁর স্বজনদের হামলায় শিক্ষানবিশ চিকিৎসক ইমতিয়াজের চশমা ভেঙে গেছে, নেসারুল কপালে আঘাত পেয়েছেন এবং আবদুল হান্নানের পা মচকে গেছে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব গতকাল দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এ বি এম খুরশীদ আলমের সঙ্গে বৈঠকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।