চিকিৎসকের কাজ চালান ওয়ার্ড বয়, ঝাড়ুদার!
বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে আটটা৷ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতালপাড় গ্রামের কাঁচামালের ব্যবসায়ী হাসমত আলীর (২৮) পা কেটে রক্ত বের হচ্ছিল। চিকিৎসা নিতে এসেছেন হাওর উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে। এসে দেখেন কোনো চিকিৎসক নেই। সুই-সুতা হাতে এগিয়ে এলেন ওয়ার্ড বয় শামীম মিয়া। প্রধান ফটকের সামনের বারান্দায় হাসমতকে শুইয়ে চিকিৎসকের দায়িত্বটি পালন করে চলেছেন ওয়ার্ড বয়। কিছুক্ষণ পর এসে যোগ দেন চিকিৎসা সহকারী।
সেলাই করার অনুমতি আছে কি না, জানতে চাইলে শামীম মিয়া বলেন, ‘ডাক্তার নাই, কী করুম?’
এলাকার কয়েকজন জানান, এই হাসপাতালে অধিকাংশ সময় চিকিৎসকের ভূমিকায় ওয়ার্ড বয় ও ঝাড়ুদারকে দেখা যায়। ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের ১৬টি পদের বিপরীতে আছেন তিনজন। এই তিনজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ছাড়া বািক দুজন নিয়মিত হাসপাতালে আসেন না৷ ছয়জন সেবিকার মধ্যে দুজন আছেন প্রেষণে, একজন নার্সিং কলেজে৷ একজন যোগদানের পর আর আসছেন না। বািক দুজন উপস্থিত থাকেন না৷ ছয় চিকিৎসা সহকারীর মধ্যে গড়ে এক বা দুজন উপস্থিত থাকেন৷
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় হাসপাতালে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ছাড়া কোনো চিকিৎসক আসেননি। ডায়রিয়ায় আক্রান্ত পূর্ব অষ্টগ্রামের রিমা বেগম (৩০) নামের এক নারী বারান্দায় কাতরাচ্ছেন৷ কিছুক্ষণ পর ঝাড়ুদার রোকেয়া বেগম এসে রিমা বেগমের সমস্যার কথা জেনে করণীয় সম্পর্কে ধারণা দিচ্ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের গত বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ১৭ হাজার ৩০৯ জন।
বৃষ্টি এলে পুরুষ ওয়ার্ডের দেয়াল চুইয়ে পানি পড়ে৷ নয়টি পাখার মধ্যে দুটি ছাড়া অন্যগুলো অচল৷ শৌচাগার অপরিচ্ছন্ন, সেখানে বাতি নেই। নারী ওয়ার্ডের চিত্রও একই রকম৷ চিকিৎসকদের আবাসনব্যবস্থাও নাজুক। গড়ে ছয় থেকে সাত ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এসব কারণে চিকিৎসকেরা এই হাসপাতালে আসতে চান না৷ আর এলেও বদলির জন্য শুরু থেকেই চেষ্টায় থাকেন৷
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ সালমান কয়েকজন চিকিৎসক ও চিকিৎসা সহকারীর গরহাজির থাকার বিষয়টি স্বীকার করে বলেন, দুজন চিকৎসক সম্প্রতি যোগদান করেছেন৷ যোগদানের পর থেকেই তাঁরা বদলির জন্য চেষ্টা করছেন৷
চিকিৎসকেরা এখানে আসেন না কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘পানি খাওয়াতে ঘোড়াকে জোর করে নদীতে নেওয়া যায়৷ মাথায় চাপ দিয়ে মুখ পানিতে ডোবানো যায়, তার পরও পানি না খেলে কী করা?’