চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজের সময় বেসরকারি ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগে চিকিৎসক মাহমুদুল আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের দ্য ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত অবস্থায় তাঁকে এ সাজা দেওয়া হয়।নির্বাহী বিচারক মো. আবদুল কুদ্দুস গতকাল বৃহস্পতিবার চিকিৎসকসহ দুজনকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা ১২টা ৪৬ মিনিটে ল্যাব এইডে গিয়ে একজন ডাক্তারকে দায়িত্বরত দেখি। তিনি কোথায় কাজ করেন জানতে চাইলে জানান, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সাব-সেন্টারে কাজ করেন। দুইটা পর্যন্ত সেখানে তাঁর দায়িত্ব পালন করার কথা। তাঁকে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি জানান, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী তাঁদের সাজা দেওয়া হয়েছে।মৌলভীবাজারের সিভিল সার্জন মো. গোলাম রাজ্জাক চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। তথ্য পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’