চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু
চিকিৎসকের গাফিলতির কারণে বেসরকারি একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ওই ক্লিনিকে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে ওই প্রসূতি মারা যান। এ ঘটনায় সিভিল সার্জন ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন।সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোবিন্দপটল গ্রামের দরিদ্র দিনমজুর শামীম উদ্দিনের স্ত্রী ফরিদা খাতুনকে (২১) তাঁর স্বজনেরা বুধবার ভোররাতে সিরাজগঞ্জ পৌর শহরের কাজীপুর মোড়ের জেএস ক্লিনিকে ভর্তি করেন। ভর্তির পর ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের ১২ হাজার টাকায় অপারেশন করার চুক্তি হয়। কিন্তু ওই ক্লিনিকে গাইনি বিশেষজ্ঞ ও অবেদনবিদ ছিলেন না। এ কারণে আরবান হাসপাতালের খণ্ডকালীন সার্জন আবদুল আজিজ ও অবেদনবিদ কমলকে ডেকে এনে অস্ত্রোপচার করানো হয়। ফরিদার বাবা ফজল প্রামাণিক অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর একটি ছেলেশিশুর জন্ম হয়। রোগী অচেতন অবস্থায় থাকার সময়ই প্রচণ্ড খিঁচুনি ও রক্তক্ষরণ শুরু হয়। ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় রোগীর অবস্থার আরও অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে সদর হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যার দিকে রোগী মারা যান।সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাজিমুল হক বলেন, ‘রোগীকে বেশিমাত্রায় অজ্ঞান করা হয়েছিল। এতে তাঁর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। এ কারণেই মৃত্যু হয়েছে।’