চিকিৎসকের চেষ্টা ব্যর্থ করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের সন্তানকে কোলে করে বাবার বাড়ি শরীয়তপুরের জাজিরা যাওয়ার জন্য বেরিয়েছিলেন মা আসমা বেগম। কিন্তু যাত্রাবাড়ী বাস টার্মিনালে পৌঁছানোর আগেই সিএনজি দুর্ঘটনায় ১১ মাস বয়সের শিশুসন্তান রাফিকে হারালেন তিনি। সাতজন চিকিৎসক প্রাণপণ চেষ্টা করেও গুরুতর আহত শিশুটিকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হন।গতকাল দুপুরে রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সহকারী উপপরিদর্শক ফখরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে যমুনা পরিবহনের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। সিএনজিটি এতে ছিটকে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খায় এবং এরপর দুই বাসের মাঝখানে চাপা পড়ে দুমড়ে যায়। এতে সিএনজির আরোহী মোহাম্মদ মিলন, তাঁর স্ত্রী আসমা বেগম, শিশুসন্তান আসাদুর রহমান রাফি ও চালক মিলনের ভগ্নিপতি মকবুল আহত হন। শিশু রাফিকে প্রথমে সারুলিয়ার একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতজন চিকিৎসক আধঘণ্টা ধরে শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাঁদের চেষ্টা সফল হয়নি। আহতদের মধ্যে রাফির মা আসমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাবা মিলন (৩৫) ও ফুফা মকবুলকে (৩৫) ডেমরার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দায়ী বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি আটক করেছে।