চিকিৎসকের জন্য অপেক্ষায় রোগীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার। সকাল ১০টা ৪০ মিনিট। শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কক্ষ খোলা। চারজন রোগী দরজার সামনে দাঁড়িয়ে চিকিৎসকের জন্য অপেক্ষা করছে। অথচ স্বাস্থ্যকেন্দ্রের পাশের একটি ওষুধের দোকানে তখন রোগী দেখায় ব্যস্ত ছিলেন কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. মোশারাফুল ইসলামকে।
শাপলাপুর ইউনিয়নের ছাদেকার কাটার বাসিন্দা আবদুল মোনাফ বলেন, ‘চার দিন ধরে পাঁচ বছরের শিশু মোহাম্মদ শাকিব কাশি ও জ্বরে ভুগছে। এক ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাইনি।’
স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শক ঊর্মি পাল বলেন, ‘প্রতি সপ্তাহে রোববার ও মঙ্গলবার দুই দিন বিদ্যালয়ে গিয়ে চিকিৎসক মো. মোশারাফুল ইসলাম স্বাস্থ্যশিক্ষা দিয়ে থাকেন। স্বাস্থ্যশিক্ষা দেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্র থেকে তিনি বের হয়েছেন বলে শুনেছি। অফিস চলাকালীন সময়ে বাইরে রোগী দেখার নিয়ম নেই।’
অভিযোগের বিষয়ে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোশারাফুল ইসলাম বলেন, ‘সামনে জটিল রোগী পড়ে যাওয়ায় তাকে চেম্বারে সেবা দিয়েছি।’ অফিস চলাকালীন চেম্বারে রোগী দেখার বিষয়ে তিনি বলেন, ‘রোগী বাঁচানোর তাগিদে কেবল সেবা দিয়েছি।’
এ বিষয়ে মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ বলেন, অফিস চলাকালীন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগে ছয় মাস আগে মোশারাফুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তিনি এ রকম ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন। এরপরও অফিস চলাকালীন তিনি অন্যত্র রোগী দেখেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।