চিকিৎসকের জন্য রোগীদের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট ব্যথায় আক্রান্ত নাজনিন আক্তারকে গত ২৪ ডিসেম্বর বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর স্বামী মামুনুর রশিদ। হাসপাতালে নেওয়ার পর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক নাজনিনকে কিছু ওষুধ লিখে দেন। বাইরে থেকে কিনে এনে ওই ওষুধ খাওয়ানো হলেও ব্যথা কমেনি নাজনিনের। এরপর আবার চিকিৎসককে দেখাতে তাঁকে ১৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

২৫ ডিসেম্বর সকাল ১০টায় মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এমন অভিজ্ঞতার কথা বলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলা পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের নিরাপত্তাপ্রহরী মামুনুর রশিদ। তিনি বলেন, কেবল তাঁর স্ত্রী নাজনিন নন, এই হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকেই চিকিৎসা পেতে এমন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ওয়ার্ডের শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ২৫ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ জন রোগী। এই সময় বহির্বিভাগে ছিল রোগীদের উপচে পড়া ভিড়। হাসপাতালে ভর্তি হওয়া অনেক রোগী জানায়, চিকিৎসক–সংকটের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। জরুরি মুহূর্তে চিকিৎসক পাচ্ছে না তারা।

উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়া গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, ‘ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ায় আমার এক বছরের মেয়ে আফিফাকে শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে চিকিৎসক কিছু ওষুধ লিখে দেন। কিন্তু হাসপাতাল থেকে কোনো ওষুধপত্র দেওয়া হয়নি। আর বাচ্চাকে আবার চিকিৎসক দেখাতে শনিবার সন্ধ্যা থেকে রোববার বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবুল কালাম আজাদ বলেন, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯টি পদের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাসহ কেবল ৯জন চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ২০টি চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।

২৫ ডিসেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন চিকিৎসক আবদুর রহিম ও হাফিজা মারজান। বাকি ৭ জনের মধ্যে আবাসিক চিকিৎসক (আরএমও) মাহফুজুল হক কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী ও চিকিৎসক ছাবেকুন্নাহার সেদিন ছুটিতে ছিলেন। চিকিৎসক রাশেদ আল হাসান ও ইশতিয়াক খালেদ প্রশিক্ষণের জন্য উপজেলার বাইরে ছিলেন। কিন্তু সার্জারি বিশেষজ্ঞ শাহ আলম ও শাহীন হোছাইন চৌধুরী সেদিন কর্মস্থলে আসেননি।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক আবদুর রহিম বলেন, ‘প্রতি সপ্তাহে শনিবার সকাল ও বিকেল, রোববার সকাল, বিকেল, রাত এবং সোমবার সকাল ও বিকেল মিলিয়ে টানা সাত শিফটে একাই দায়িত্ব পালন করি। কিন্তু নিয়ম অনুয  ায়ী সপ্তাহে আমাদের ছয় শিফটে দায়িত্ব পালন করার কথা। এরপরও বাড়তি দায়িত্ব পালন করছি।’

চিকিৎসক হাফিজা মারজান বলেন, ‘সপ্তাহে প্রতি রোববার সেবা দিতে আমি কর্মস্থলে আসি। চট্টগ্রাম শহর থেকে আমাকে আসতে হয় বলে মানবিক কারণে কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিচ্ছে। এ কারণে আমাকে নিয়মিত আসতে হয় না।’

জানতে চাইলে কক্সবাজারের সিভিল সার্জন পু চ নু বলেন, হাসপাতালে চিকিৎসক–সংকট রয়েছে। কর্মস্থলে চিকিৎসকদের নিয়মিত না আসার বিষয়টি জানি না। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।