ভুল চিকিৎসার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। পরে বিকেলে তাঁকে আবার জেলা কারাগারে পাঠানো হয়।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ২০ মে শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের পরামর্শক সার্জন।
গত বছরের ১৫ নভেম্বর শরীফুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা বলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভূতনিকান্দা কাকিলাকুড়া গ্রামের এক নারীর (৩০) স্তন কেটে ফেলেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ওই নারী ক্যানসারে আক্রান্ত হননি। এ ঘটনায় শরীফুল ইসলামসহ দুই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীর স্বামী ২৮ ডিসেম্বর শেরপুরের আমলি আদালতে মামলা করেন। মামলার অন্য আসামি হলেন ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডু। এ বিষয়ে গত ২৭ জানুয়ারি প্রথম আলোয় ‘ভুল অস্ত্রোপচারের অভিযোগ, আদালতে মামলা’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।