চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার পার্বতীনগর মহল্লা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে তুষার কুমার বর্মণ (৩২) নামের একজন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। প্রণয়ঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ও সহকর্মীরা ধারণা করছেন।
তুষার ঢাকার কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা গ্রামের শ্যামল বর্মণের ছেলে। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
তুষারের সহকর্মী তৌহিদুর রহমান জানান, তিনি আর তুষার পার্বতীনগর এলাকার জনৈক গোলাম মাওলার একতলা বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন। হাসপাতালে দায়িত্ব পালন শেষে গতকাল বেলা তিনটার দিকে বাসায় গিয়ে ওই কক্ষের দরজা বন্ধ পান। এ সময় ডাক-চিৎকার করে তুষারের সাড়া না পেয়ে বিষয়টি পাশের কক্ষে থাকা সহকর্মীদের জানান। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে তাঁর (তুষার) ঝুলন্ত লাশ দেখে সাভার মডেল থানাকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে (এনাম মেডিকেল কলেজ) নিয়ে যায়।
তৌহিদুর ও আরেক সহকর্মী পান্না লাল সাহা জানান, একটি মেয়ের সঙ্গে তুষারের সম্পর্ক ছিল। মুঠোফোনে তাঁদের মধ্যে প্রায়ই কথা হতো। গতকাল ওই ফোন থেকে কল এসে থাকতে পারে।
সাভার মডেল থানার এএসপি মো. মশিউদ্দৌলা বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে প্রণয়ঘটিত কারণেই তিনি আত্মহত্যা করেছেন।