ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর আড়াই বছর পেরিয়ে গেলেও হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য পদ বাড়ানো হয়নি। আগের ৩১ শয্যার জনবল দিয়েই চলছে হাসপাতালের কার্যক্রম। বর্তমানে ৩১ শয্যার জনবলেরও দুই-তৃতীয়াংশ পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের নয়টি পদের মধ্যে কর্মরত মাত্র চারজন। প্রতিদিন আড়াই থেকে তিন শ রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। হাসপাতালে ভর্তি থাকে গড়ে ৫২ থেকে ৫৫ জন রোগী। কিন্তু চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. মাইজুল হক জানান, গুরুত্ব বিবেচনা করে উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার পৌনে তিন লাখ মানুষের জন্য ২০১০ সালের ১৪ অক্টোবর এ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর আড়াই বছর পেরিয়ে গেলেও ৫০ শয্যার হাসপাতালের জনবল কাঠামো অনুমোদন করা হয়নি। গাইনি চিকিৎসক নজরুল ইসলাম বলেন, অবেদনবিদের পদ শূন্য থাকায় হাসপাতালে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন অব্যবহূত থাকায় মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। এক্স-রে মেশিনটিও পাঁচ বছর থেকে অচল হয়ে রয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ করা পদের দুই-তৃতীয়াংশই শূন্য। ফলে ৫০ শয্যার হাসপাতাল চালাতে গিয়ে প্রতিনিয়ত তাঁদের অসুবিধায় পড়তে হচ্ছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নেই দীর্ঘদিন থেকে। সেনগাঁও ইউনিয়নের সহকারী সার্জন সোহেল রানাকে প্রেষণে এনে ভারপ্রাপ্ত আরএমওর কাজ চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন মো. আফজাল হোসেন তরফদার বলেন, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সীমিত সংখ্যক চিকিৎসক দিয়েই চালাতে হবে। প্রতি মাসেই জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।