চিকিৎসকের নয়টি পদের আটটিই শূন্য
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে নয়টি। কিন্তু আটটি পদই শূন্য। এই হাসপাতালে কর্মরত একমাত্র চিকিৎসক আবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। আর স্ত্রীরোগ (গাইনি) বিশেষজ্ঞ ও অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় প্রায় এক বছর ধরে সিজারিয়ান অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালে ২০১৩ সালে তিনজন চিকিৎসক ছিলেন। ওই বছর ডিসেম্বরে একজনকে প্রেষণে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে এবং এ বছরের জুনে আরেকজন স্বেচ্ছা অবসরে যান। এখন যিনি আছেন, তাঁর ওপর বর্তেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বও।
এদিকে প্রায় এক বছর ধরে এই হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন দরিদ্র গর্ভবতী নারীরা। টেকনিশিয়ান না থাকায় প্রায় চার বছর ধরে এক্স-রে যন্ত্রটি অব্যবহৃত পড়ে আছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসক আজিম উদ্দিন এই বাস্তবতার কথা স্বীকার করে বলেন, এখানে প্রতিদিন বহির্বিভাগে ২৫০ থেকে ৩০০ রোগী আসে। ৩১ জনের ওপর রোগী ভর্তি থাকেন। একা তাঁর পক্ষে এ অবস্থা সামাল দেওয়া কঠিন। এ অবস্থায় উপজেলার শাহবাজপুর ইউনিয়ন (উত্তর) ও বর্নি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের দুজন চিকিৎসককে এখানে প্রেষণে এনেছেন।
আজিম উদ্দিন গতকাল বুধবার বলেন, ‘প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাসপাতালের অবস্থা জানাচ্ছি। মাসিক সভাতেও বারবার বিষয়টি তোলা হচ্ছে।’
সিভিল সার্জন এ টি এম মতিউর রহমান বলেন, সারা দেশেই চিকিৎসক-সংকট। তবে বেশ কিছু নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের শূন্যপদে নিয়োগ দেওয়া হলে আর এ সংকট থাকবে না।