চিকিৎসকের পদ ১৬২ কর্মরত মাত্র ৩২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় প্রায় ১২ লাখ মানুষের বসবাস। এ জেলায় ২৫০ শয্যার একটি জেনারেল হাসপাতাল ও পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এগুলোসহ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় ১৬২ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৩২ জন।
চিকিৎসক-সংকটে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। লোকবল না থাকায় এসব হাসপাতালে অস্ত্রোপচার হয় না বললেই চলে। প্রায়ই রোগীদের জেলার বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলো মোট ১৬২টি পদের বিপরীতে সিভিল সার্জনসহ ৩২ জন চিকিৎসক আছেন। বরগুনা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৪২ জন চিকিৎসক পদের বিপরীতে পাঁচজন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের ১১টি পদ থাকলেও শুধু মেডিসিন ও সার্জারি এই দুজন চিকিৎসক ছাড়া বাকি নয়জনের পদ দীর্ঘদিন শূন্য। এ ছাড়া কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের ১১টি পদ থাকলেও সেখানে একজন চিকিৎসকও নেই। জরুরি বিভাগে তিনজন চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও তিনটি পদই শূন্য। সাধারণ বিভাগে চারজন চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও সেখানে একজন চিকিৎসক আছেন। কিন্তু তিনিও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত।
পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাও একই রকম। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন তিনজন। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র পাঁচজন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জনের মধ্যে কর্মরত আছেন পাঁচজন। বামনায় ১৪টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র চারজন। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সাতটি পদের মধ্যে কর্মরত আছে দুজন। অল্পসংখ্যক চিকিৎসক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন। এ জেলায় স্ত্রী ও প্রসূতি বিভাগের (গাইনি) চিকিৎসকের পাঁচটি পদে কোনো চিকিৎসক না থাকায় প্রসূতিসেবা ও অস্ত্রোপচার বন্ধ রয়েছে দীর্ঘদিন।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটি ১৯৯৭ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। এটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১০ সালের মে মাসে। তবে জনবল, অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা তেমন বাড়েনি। হাসপাতালে প্রতিদিন গড়ে ২০০-২৫০ রোগী ভর্তি থাকেন। এ ছাড়া বহির্বিভাগে আরও ৫০০-৬০০ রোগী চিকিৎসা নেন। আর অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। তার ওপর নির্ধারিত দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসক না থাকায় জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অবেদনবিদ না থাকায় এই হাসপাতালে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
বেতাগী উপজেলার আজাহার আলী (৫০) গত মঙ্গলবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তিনি গতকাল বিকেলে বলেন, ‘একদিন অইয়্যা গ্যালো হাসপাতালে আইছি। কিন্তু ডাক্তারের দ্যাহা পাই নাই। একই অবস্থা গাইনি ওয়ার্ডেও। সেখানে গিয়ে কথা হয় সদর উপজেলার সোনাখালী গ্রামের আলেয়া বেগমের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘তিন দিন আগে হাসপাতালে আইছি। আইজগো (গতকাল) দুপারে ডাক্তার আইয়্যা দেইখ্যা গ্যাছে। মানুষ হাসপাতালে খুব ঠেইক্কাই আয়। হেইহানে যদি তিন দিন পর ডাক্তার আয় তয় হেইহানে আইয়্যা লাভ কী?’
হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দীন বলেন, ‘অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে ২৪ ঘণ্টা জরুরি সেবা, বহির্বিভাগ ও বহির্বিভাগে রোগীদের সামাল দেওয়া খুবই কষ্টকর। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতালে সার্বক্ষণিক আমাদের অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে। এরপরও রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। এরপর প্রশাসনিক কাজকর্ম, ময়নাতদন্ত, ধর্ষণের আলামত পরীক্ষা, আদালতে সাক্ষ্য দেওয়াসহ নানা কাজে সময় দিতে হয়। প্রায়ই রোগীদের বরিশাল বা অন্যত্র পাঠিয়ে দিতে হচ্ছে।’
সিভিল সার্জন মো. জসিম উদ্দীন বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগের চিকিৎসা করা যাচ্ছে না। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও ফল পাচ্ছি না।’