পাবনার ৫০ শয্যাবিশিষ্ট সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ২১ জন। সেখানে কাগজে-কলমে রয়েছেন ৯ জন। আর বাস্তবে এ স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন মাত্র ৫ জন চিকিৎসক। চিকিৎসক সংকটে এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে।
সরেজমিনে ৫ ফেব্রুয়ারি দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি। সেখানে দাঁড়ানো উপজেলার গোপালপুর গ্রামের রেজাউল হক বলেন, ‘রোগী ম্যালা, অথচ ডাক্তার এক্কেরে কম। অসুখ নিয়্যা এক ঘণ্টা দাঁড়ায়া থাকার পরেও ডাক্তারের সামনে এখনো যাইব্যার পারি নাই।’
প্রায় চার লাখ জনসংখ্যা অধ্যুষিত সাঁথিয়া উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয় ২০০৮ সালে। নিয়ম অনুযায়ী এখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞসহ ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র পাঁচজন। এমনকি স্ত্রীরোগ বিশেষজ্ঞও নেই। আর যে পাঁচজন চিকিৎসক আছেন তাঁদের মধ্যে একজন দন্তরোগ বিশেষজ্ঞ ও অন্যজন হোমিও চিকিৎসক। ফলে রোগীদের চিকিৎসা ও জরুরি বিভাগ সামলানোর জন্য চিকিৎসক আছেন তিনজন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কাগজপত্রে এখানে নয়জন চিকিৎসক রয়েছেন। কিন্তু বাস্তবে তাঁদের চারজনই সেখানে দায়িত্ব পালন করছেন না। এই চারজনের মধ্যে শারমীন আক্তার নামের এক চিকিৎসক সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সোহেল হাসান নামের অন্য আরেকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে কর্মরত। এ ছাড়া সোহেলি সোবাহান ও খুরশিদ আলম নামের দুজন চিকিৎসক প্রায় সাত বছর ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘কাগজপত্রে যে নয়জন চিকিৎসক থাকার কথা বলা হয়েছে তেমনটি থাকলেও এ স্বাস্থ্য কমপ্লেক্সটি চালিয়ে নিতে পারতাম। কিন্তু তা না থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে আমি নিজেও রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোজাম্মেল হক বলেন, ‘প্রতিদিন বহির্বিভাগে তিন শতাধিক রোগী আসে। জরুরি বিভাগেও আসে প্রচুর রোগী। ৫০ শয্যা হলেও প্রতিদিন এখানে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি থাকেন। এত রোগীর পেছনে মূলত আমাদের তিনজনকে প্রায় ২৪ ঘণ্টাই ডিউটি করতে হয়। এ অবস্থায় আমাদের আর সামাজিক জীবন বলতে কিছু নেই। খাওয়া, ঘুমও ঠিকমতো হচ্ছে না।’