লোকবলের অভাবে পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন পাঁচজন। এ ছাড়া সেবিকা, ওয়ার্ডবয়, ঝাড়ুদারসহ অন্যান্য পদেও প্রয়োজনের চেয়ে কম লোকবল রয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় চার লাখ জনসংখ্যা-অধ্যুষিত সাঁথিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয় ২০০৮ সালের নভেম্বরে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। সেবিকার ১৫টি পদের বিপরীতে আছেন ১১ জন। এ ছাড়া স্বাস্থ্য সহকারীর ছয়টি এবং অফিস সহকারী, ওয়ার্ডবয় ও ঝাড়ুদারের একটি করে পদ শূন্য।সূত্রে জানা গেছে, যে পাঁচজন চিকিৎসক এখানে আছেন, তাঁদের মধ্যে একজন দন্তরোগ ও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এ ছাড়া বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য আছেন তিনজন চিকিৎসা কর্মকর্তা। এই তিনজনের মধ্যে আরএমও মোজাফফর হোসেনকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে প্রশাসনিক কাজে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার মূল দায়িত্ব পড়েছে মূলত দুজন চিকিৎসা কর্মকর্তার ওপর। চিকিৎসা কর্মকর্তা আবদুস শুকুর বলেন, ‘প্রতিদিন বহির্বিভাগে তিন শতাধিক রোগী আসে। জরুরি বিভাগেও আসে অনেক রোগী। ৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী এখানে ভর্তি থাকে। এ ছাড়া সাধারণ অস্ত্রোপচার ও সিজারিয়ান অস্ত্রোপচারের রোগীও আছে। এত রোগীর পেছনে মূলত আমাদের দুজনকে ২৪ ঘণ্টা ধরে ডিউটি করতে হচ্ছে। এ অবস্থায় সামাজিক জীবন বলতে কিছু নেই। আমাদের খাওয়া, ঘুমও ঠিকমতো হচ্ছে না।’ স্থানীয় সূত্রে জানা গেছে, আশপাশের উপজেলাগুলোর মধ্যে একমাত্র সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি প্রসূতি সেবাকেন্দ্র (ইওসি) রয়েছে। বছর খানেক আগেও এই বিভাগের সুনাম ছিল গোটা জেলায়। শুধু সাঁথিয়াই নয়, পাশের বেড়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, ফরিদপুর ও সুজানগর উপজেলার প্রসূতিরা এখানে চিকিৎসা নিতে আসতেন। প্রায় এক বছর আগেও এখানে প্রতি মাসে প্রায় ৫০টি সিজারিয়ান অস্ত্রোপচার হতো। এখন এ সংখ্যা নেমে এসেছে পাঁচ-ছয়টিতে। ছেঁচানিয়া গ্রামের মিজানুর রহমান বলেন, ‘কয়েক দিন আগে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম। জরুরি ভিত্তিতে সিজারের প্রয়োজন দেখা দিলেও ডাক্তার না থাকায় বাধ্য হয়ে স্ত্রীকে জেলা সদরে নিয়া যাই। বছর খানেক আগেও সিজারের জন্য এই হাসপাতালের নামডাক ছিল। অথচ এখন সেখানে ঠিকমতো চিকিৎসাই মেলে না।’ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘চিকিৎসকের অভাবে এত বড় স্বাস্থ্য কমপ্লেক্স চালানো এক রকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় গাইনি বিভাগ সুনাম হারাচ্ছে। এক্স-রে যন্ত্র মেরামতসহ লোকবল বাড়ানো হলে এই স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান যেকোনো জেলা পর্যায়ের হাসপাতালের সমতুল্য হবে বলে আমি মনে করি।’