চিকিৎসকের পদ ২১টি, আছেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৩ জন। চিকিৎসকের অভাবে বন্ধ আছে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচারসেবা কার্যক্রম। এদিকে টেকনোলজিস্টের অভাবে দুই দশক ধরে অচল পড়ে আছে এক্স-রে যন্ত্র।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, কুলাউড়ার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। পাশের জুড়ী উপজেলায় এখনো স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত না হওয়ায় সেখানকার প্রায় ২ লাখ মানুষও চিকিৎসাসেবার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল।
৯ জানুয়ারি দুপুর ১২টার দিকে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নিচতলায় বহির্বিভাগের সামনে ১০-১৫ জন রোগী দাঁড়িয়ে আছেন।
ভূকশিমইল ইউনিয়নের সাদীপুর গ্রামের অন্তঃসত্ত্বা পারভিন বেগমকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে যাচ্ছিলেন তাঁর স্বামী সেবুল মিয়া ও ননদ সাহেলা বেগম। সেবুল বলেন, তাঁর স্ত্রী অসুস্থ। এখানে অস্ত্রোপচার (সিজার) করা হয় না। তাই এখান থেকে চলে যাচ্ছেন। বেসরকারি ক্লিনিকে ভর্তি করাবেন।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দুজন চিকিৎসা কর্মকর্তা এখন চিকিৎসাসেবা দিচ্ছেন। চিকিৎসকসংকটের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে দুজনকে এখানে প্রেষণে পাঠিয়েছে। এই হাসপাতালে গাইনি, অ্যানেসথেসিয়া, সার্জারি, নাক, গান ও গলা, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে ১০ জন কনসালট্যান্ট নেই। এ ছাড়া একজন চিকিৎসা কর্মকর্তা (এমও) ও একজন ডেন্টাল সার্জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য। অন্যরা প্রেষণে বা প্রশিক্ষণে আছেন।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রথম তলায় চারটি কক্ষে অস্ত্রোপচারের জন্য আধুনিক বিভিন্ন সরঞ্জাম রয়েছে। কিন্তু সেগুলো ব্যবহার করা হয় না। নিচতলার একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এক্স-রে যন্ত্র। ১৯৯৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র স্থাপন করা হয়। কিন্তু এটি পরিচালনার জন্য এখনো কোনো টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়নি।
কোমরে আঘাত পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন কুলাউড়ার হাজীপুর গ্রামের দিনমজুর সাদ মিয়া। তিনি বলেন, ‘ডাক্তার কইছেন এক্স-রে করি দেখাইবার লাগি। এইখানে তো মেশিন (এক্স-রে যন্ত্র) নাই। অখন বাইরে (বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র) টেখা (টাকা) দিয়া করাইতে হইব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক বলেন, চিকিৎসকসহ বিভিন্ন পদের জনবলসংকটের বিষয়টি জানিয়ে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়। হাসপাতালে বেশির ভাগ দরিদ্র লোকজন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে প্রসূতিদের সংখ্যা অনেক। গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানো সম্ভব হয় না। বাধ্য হয়ে তাঁদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী মুঠোফোনে বলেন, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য লোকবলসংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এ ছাড়া ওই হাসপাতালে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলবেন।