চিকিৎসকের পদ ২৩ আছেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাস ধরে অস্ত্রোপচার বন্ধ। ২৩টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন। যন্ত্রপাতি ও শয্যার সংকটে ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা।
হাসপাতাল থেকে জানা গেছে, ১৯৭৫ সালে উন্নয়ন প্রকল্পের আওতায় ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা কার্যক্রম শুরু করে। এর অধীনে রয়েছে তিনটি উপস্বাস্থ্য কেন্দ্র ও ১১টি ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্র। ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয় স্বাস্থ্য কমপ্লেক্সটিকে। বর্তমানে এখানে ২৩ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। তাঁরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মো. মাহাবুবুর রহমান সিকদার ও চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম ওরফে শামীম। তাঁদের মধ্যে মঞ্জুরুল আলমকে দাপ্তরিক কাজ ও সভা-সেমিনার নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, সর্বশেষ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার তিন লাখ চার হাজার ২৮২ জন লোকের চিকিৎসার বিপরীতে রয়েছে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। অথচ এখানে সংকট আর সংকট। চিকিৎসক, যন্ত্রপাতি ও শয্যা-সংকটের কারণে উপজেলার চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ৭০ জন রোগী চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করছেন। সাইফুল ইসলাম রোগীদের চিকিৎসা দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন মো. মঞ্জুরুল আলম প্রশিক্ষণে ঢাকায় ছিলেন। আর মাহাবুবুর রহমান সিকদার জরুরি প্রয়োজনে বাইরে ছিলেন। দুর্গম চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের আফরোজা বেগম বলেন, এর আগে দুই দিন এলেও চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা পাননি। জরুরি বিভাগে দেখা যায়, সেখানেও রোগীদের ভিড়। রোগী দেখছেন চিকিৎসা সহকারী ফাতেমা তুজ জোহরা। চিকিৎসা নিতে আসা আমির হোসেন ব্যাপারী বলেন, ‘বুকের বেদনার জন্য ডাক্তারের কাছে আইছিলাম। একজন ডাক্তার, হের কাছে অনেক রোগীর ভিড়। তাই ওনারে (চিকিৎসা সহকারী) দেহাইছি।’
খোঁজ নিয়ে জানা যায়, ১০ বছর ধরে কমপ্লেক্সে ভান্ডাররক্ষক (স্টোর কিপার) নেই। এ কারণে ওষুধ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও বণ্টন হচ্ছে না। ইসিজি ও আলট্রাসনোগ্রামের কোনো যন্ত্র নেই। তাই ভরসা স্থানীয় বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার)। ৫০ শয্যার কমপ্লেক্সে আছে ৩১ শয্যা। এর অধিকাংশই আবার ভাঙাচোরা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকলেও শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় ছয় মাস ধরে প্রসূতির অস্ত্রোপচার করা যাচ্ছে না। একমাত্র অ্যাম্বুলেন্স এক মাস ধরে অচল হয়ে পড়ে আছে।
বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক বলেন, এ উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক না থাকায় দরিদ্র লোকজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মো. মঞ্জুরুল আলম বলেন, এসব বিষয়ে উল্লেখ করে জেলা সিভিল সার্জনের বরাবরে লিখিত দেওয়া হয়েছে।
সিভিল সার্জন এ এম মজিবুল হক বলেন, ‘আশা করি, শিগগির চিকিৎসকের সংকটসহ সব সমস্যার সমাধান হবে।’