চিকিৎসকের পদ ২৭টি আছেন দুজন
বাগেরহাটের মংলা বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর, উপজেলা ও পৌরসভা। অথচ চিকিৎসক-সংকটের কারণে গুরুত্বপূর্ণ এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। উপজেলার দুই লক্ষাধিক মানুষের জন্য এখানে চিকিৎসক আছেন মাত্র দুজন। সংকট এতটাই প্রকট যে দুপুরের পর এখানে কোনো চিকিৎসক থাকেন না। খাবার পানির ব্যবস্থা নেই হাসপাতালে। রোগীরা ন্যূনতম স্বাস্থ্যসেবা পায় না।চিকিৎসক মাত্র দুজন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ২৭টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুইজন। এঁরা হচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুত্ফুল কবির ও জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) মো. মোস্তাফিজুর রহমান। এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চিকিৎসা কর্মকর্তা ও আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ কমপক্ষে ২৫টি পদ শূন্য। স্ত্রীরোগের চিকিৎসক না থাকায় এখানে প্রসূতিরা এসে কোনো সেবা পান না। সার্জন না থাকায় এ হাসপাতালে অস্ত্রোপচারের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুত্ফুল কবির স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকেন না। তিনি প্রতিদিন সকালে বাগেরহাট থেকে এখানে আসেন এবং বেলা দুটার পর সেখানে ফিরে যান। একইভাবে চিকিৎসক মোস্তাফিজুর রহমান সকালে খুলনা থেকে আসেন এবং দুপুরের পর সেখানে ফিরে যান।জনবলের তীব্র সংকট: স্বাস্থ্যকেন্দ্রের প্রধান সহকারী ও হিসাবরক্ষক মিজানুর রহমান জানান, স্বাস্থ্যকেন্দ্রে তিনজন ওয়ার্ড বয় থাকার কথা। একজনও নেই। তৃতীয় শ্রেণীর কর্মচারী ৩১ জন থাকার কথা। আছেন ১৮ জন। অফিস সহকারী তিনজনের জায়গায় আছেন একজন। দুজন নিরাপত্তাপ্রহরী থাকার কথা থাকলেও আছেন একজন। ১০ বছর ধরে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীর জায়গায় আছেন মাত্র দুজন। প্রতিষ্ঠার পর থেকে জুনিয়র মেকানিকের পদটি শূন্য। পানিসংকট: স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনের একটি পুকুর থেকে যে পানি সরবরাহ করা হয়, তা নোংরা, দূষিত ও ঘোলা। অধিকাংশ সময় পানির মোটর নষ্ট থাকায় সেই দূষিত পানিরও ব্যবস্থা থাকে না। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি উলুবুনিয়া গ্রামের আরজুল হক গত মঙ্গলবার জানান, ১০ দিন আগে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছি। খাওয়ার পানি কিনে খেতে হচ্ছে। মোটর নষ্ট থাকায় ১১ দিন শৌচাগারে পানি সরবরাহ বন্ধ থাকে (১০ জুন পর্যন্ত)।এক্স-রে মেশিন ও জেনারেটর নষ্ট: স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র এক্স-রে মেশিনটি আট বছর ধরে নষ্ট হয়ে আছে। গত বছরের অক্টোবর মাসে একটি নতুন মেশিন বরাদ্দ পেলেও এখনো তা বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। জেনারেটরটিও আট বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুত্ফুল কবির জানান, কোন কক্ষে এক্স-রে মেশিন স্থাপন করা হবে, তা এখনো নির্ধারণ করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুর রহমান বলেন, ‘মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যার বিষয়গুলো আমি জেলা উন্নয়ন কমিটির সভায় উত্থাপন করেছি এবং স্থানীয় সাংসদকে জানিয়েছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুত্ফুল কবির জানান, প্রয়োজন হলে তিনি রাতেও স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন। শিগগিরই মোটর ঠিক করে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, চিকিৎসকসংকটের বিষয়টি তিনি সিভিল সার্জনকে বেশ কয়েকবার জানিয়েছেন। কিন্তু শূন্যপদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজও কোনো ব্যবস্থা নেয়নি।