চিকিৎসকসংকটে বরগুনার ৫০ শয্যার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখানে চিকিৎসকের ২৭টি পদের মধ্যে ২৫টি শূন্য। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তিনি রোগীদের সময় দিতে পারেন না। ছয় মাস ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে চিকিৎসা কার্যক্রম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সাতটি ইউনিয়ন উপস্বাস্থ্য ও পাঁচটি পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। উপস্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে কোনো চিকিৎসক নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৭টি পদের মধ্যে ২৫টি দীর্ঘদিন শূন্য পড়ে আছে। এখানে শুধু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী ও চিকিৎসা কর্মকর্তা মাহমুদুর রহমান কর্মরত আছেন। প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোগীদের চিকিৎসাসেবা দিতে পারেন না। চিকিৎসা কর্মকর্তা মাহমুদুর রহমানের একার পক্ষে প্রতিদিন শতাধিক রোগীকে সেবা দেওয়া সম্ভব হয় না।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ হাসপাতালের এক্স-রে ও ইসিজি যন্ত্র চার বছর ধরে বিকল পড়ে আছে। ফলে রোগীদের সামান্য পরীক্ষা-নিরীক্ষার দরকার হলে জেলা শহর বরগুনা অথবা বিভাগীয় শহর বরিশাল যেতে হয়। এ কারণে রোগীদের এসব কাজের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী বলেন, ‘জরুরি কাজে আমাকে প্রায়ই বরগুনায় আসতে হয়। চিকিৎসকসংকটের কারণে হাসপাতাল পরিচালনায় প্রতিনিয়ত আমাদের হিমশিম খেতে হয়। চিকিৎসকসংকটের বিষয়টি বেশ কয়েকবার উপজেলা স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় উপস্থাপন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।’সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘বরগুনা জেলায় চিকিৎসকসংকট চরম আকার ধারণ করেছে। জেলায় দেড় বছর ধরে কোনো হাসপাতালে গাইনি চিকিৎসক নেই। এ ছাড়া অন্যান্য বিভাগে বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসা কর্মকর্তার বেশির ভাগ পদই শূন্য। এ কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা প্রতি মাসেই এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাচ্ছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না।’