চিকিৎসকের পরামর্শক্রমে খাজিদাকে আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বললেন বিচারক
হত্যাচেষ্টা মামলায় খাদিজা বেগমকেও ১৫ ডিসেম্বর আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলেছেন বিচারক। আজ রোববার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে দ্বিতীয় পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দিয়েছেন। তবে খাদিজা আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে পারবেন কি না, সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করারও নির্দেশ দেন বিচারক।
জানতে চাইলে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, অবশিষ্ট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ১৫ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। পাঁচ সাক্ষীর মধ্যে খাদিজাও একজন। আদালত তাঁকে সাক্ষ্য দিতে বলায় তখন চিকিৎসকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়। খাদিজাকে আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করেন চিকিৎসক। তখন বিষয়টি আদালতকেও জানানো হয়। এপিপি বলেন, ১৫ ডিসেম্বর খাদিজা পারলে সাক্ষ্য দেবেন, না হলে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে সমাপ্ত করা হবে।
আদালত সূত্র জানায়, আজ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই ১৫ জনের মধ্যে খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগমও ছিলেন। এর আগে ৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের ১৭ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। খাদিজার বাবা মাসুক মিয়ার কাছে বিচারক খাদিজার শারীরিক অবস্থার বিষয়টিও জানতে চান। মাসুক মিয়া আদালতকে খাদিজার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে দিন দিন উন্নতি হওয়ার বিষয়টি জানান।
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার পর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বদরুল আলম। ঘটনার পরপরই বদরুলকে ধরে পুলিশে দেন স্থানীয় জনতা। পরে আদালতে হত্যাচেষ্টার দায় স্বীকার করে বদরুল জবানবন্দি দিয়েছেন। ঘটনার ৫৫ দিনের মাথায় পুলিশ বদরুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে বিচার-প্রক্রিয়া শুরু হয়।