চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কাজলশাহ এলাকার এক চিকিৎসকের বাসার গোসলখানা থেকে আসিফা আক্তার (২০) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
আসিফা ওসমানী মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক কামরুন্নাহারের বাসার গৃহকর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাবপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে আসিফা চিকিৎসক কামরুন্নাহারের বাসার গৃহকর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার রাতে বাসার একটি গোসলখানায় ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ও আসিফাকে বাসায় না দেখে পুলিশে খবর দেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে গোসলখানার ভেতর লোহার পাইপের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে আসিফার লাশ তাঁর পরিবারের কাছে দেওয়া হয়েছে।
চিকিৎসকের বাসায় যোগাযোগ করা হলে এ ব্যাপারে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে ফোন করলেও চিকিৎসক ধরেননি।
সিলেট কোতোয়ালি থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।