নারায়ণগঞ্জ শহরের খানপুরের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক নারীকর্মীকে ওই হাসপাতালের এক চিকিৎসক লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে গতকাল সোমবার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এ সময় বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসাসেবা পাননি। অভিযোগ উঠেছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের কাছেও যাননি চিকিৎসকেরা। তাঁরা একটি কক্ষে বসে থাকেন। তত্ত্বাবধায়ক সঞ্জিব কুমার জানান, কারও বিরুদ্ধে কর্মচারীরা লিখিত অভিযোগ জানালে তা খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। গতকালের ঘটনা দুই পক্ষের মধ্যে বৈঠক করে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।