চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের স্ত্রীরোগ (গাইনি) চিকিৎসক রঞ্জন কুমার কর্মকার কৌশলে প্রসূতিদের ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে নিয়ে অস্ত্রোপচার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রোগীরা বিপাকে পড়ছেন।
অবশ্য রঞ্জন কুমার কর্মকার বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ অসত্য। এখানে এমন কোনো ঘটনা ঘটেনি। শয্যা খালি থাকলে হাসপাতালেই প্রসূতি অস্ত্রোপচার করা হয়।’
বারহাট্টা উপজেলায় কর্মরত সমবায় অধিদপ্তরের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) মাঠ সংগঠক পান্না আক্তার (২৫) বলেন, ‘সন্তান প্রসবের জন্য আমি নেত্রকোনা মা ও শিশুকল্যাণকেন্দ্রে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমাকে একটি পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার প্রতিবেদন দেখে এখানে চিকিৎসা হবে না বলে আমাকে সদর হাসপাতালের চিকিৎসক রঞ্জন কুমার কর্মকারের কাছে পাঠান। বেলা দুইটার মধ্যে ব্যক্তিগত চেম্বারে গেলে স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র দেখে তিনি দ্রুত অস্ত্রোপচারের নির্দেশ দেন। অথচ মা হিসেবে আমি তেমন কোনো সমস্যা অনুভব করিনি। পরে হাতে টাকা না থাকলেও তাঁর (রঞ্জন কুমার কর্মকার) মনোনীত একটি চিকিৎসাকেন্দ্রে দ্রুত অস্ত্রোপচার করাই। ১৫ মিনিটেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চার দিন পর আমাকে বিদায় দেওয়া হয়। কয়েক দিন পর সেলাই কাটলে সেখানে পচন ধরে। পরে দুবার তাঁর সঙ্গে দেখা করলে তিনি বলেন কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু যন্ত্রণার কথা বললে তিনি বিরক্ত হন। অন্য কোনো চিকিৎসককে দেখাতেও নিষেধ করেন। পরে যন্ত্রণায় কাতর হয়ে অন্য চিকিৎসককে দেখাই এবং সুস্থ হয়ে উঠি।’
অপর ভুক্তভোগী সংস্কৃতিকর্মী আলমগীর বলেন, ‘২৬ সেপ্টেম্বর আধুনিক সদর হাসপাতালে আমার বোন সোনিয়া আক্তারের প্রসূতি অস্ত্রোপচার হয়। এর আগে হাসপাতালে ভর্তি অবস্থায় রঞ্জন কুমার কর্মকারের প্রতিষ্ঠান থেকে আমার বোনের পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে। সে সময় তিনি নিজের প্রতিষ্ঠানেই অস্ত্রোপচার করাতে বলেন। তাঁর রোগনির্ণয় কেন্দ্রে পর পর চারবার আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নীলোৎপল তালুকদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।