চিকিৎসকের বিরুদ্ধে এক ছাত্রীর যৌন নিপীড়নের মামলা
বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে গতকাল যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন ইডেন কলেজের নূরজাহান বেগম নামের এক ছাত্রী। কয়েক ঘণ্টার ব্যবধানে ওই ছাত্রীকেই হোস্টেল থেকে বের করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চিকিৎসকের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদের মতো সংগঠনগুলো। এর আগে চিকিৎসক ওই ছাত্রী ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। ইডেন কলেজের উপাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা এ ব্যাপারে প্রথম আলোকে জানান, তাঁরা ছাত্রীটিকে হোস্টেল থেকে বের করে দেননি। তবে ছাত্রীর অভিভাবককে ডেকে বলেছেন, এখন হোস্টেলে থাকলে অসুবিধা হতে পারে। তার কলেজ কম্পাউন্ডে না থাকাই ভালো। ওই ছাত্রী জানান, তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, ৯ মে রাত আটটার সময় তিনি রফিক উদ্দীনের কাছে কিছু শারীরিক অসুবিধা নিয়ে যান। কিন্তু একপর্যায়ে ওই চিকিৎসক তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। তিনি চেম্বার ছেড়ে বেরিয়ে আসার সময় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করবেন এমন কথা বলে আসেন। কিন্তু তাঁর বাবা-মা বিষয়টিতে সম্মানহানির আশঙ্কা হতে পারে—বিবেচনায় দুই দিন চুপ ছিলেন।কিন্তু পরদিনই চিকিৎসকের ভাই ব্যারিস্টার শফিকউদ্দীন ছাত্রীটির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। এজাহারে জানান, মেয়েটি তাঁর ভাইয়ের সঙ্গে চেম্বারে এসেছিলেন। সিরিয়াল ভেঙে চেম্বারে ঢোকার চেষ্টা করছিলেন। চিকিৎসকের সহযোগীরা বাধা দিলে ১০-১৫ জনকে নিয়ে এসে তারা ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে চিকিৎসককে রিকশা-ভ্যানে চড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়। মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং ১০ লাখ টাকা না পেলে আবারও অপহরণের কথা বলে ও প্রাণনাশের হুমকি দেয়।ছাত্রীটি পত্রিকায় খবর দেখে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জামিন দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন। তিনি নির্দোষ। তবে তিনি এও জানিয়েছেন, চেম্বার ভাঙচুরের সময় বা অপহরণের সময় মেয়েটি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।এদিকে, বিএমএর মহাসচিব শরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে জানান, বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাঁরা চিকিৎসকের ওপর হামলা এবং হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ১৭ মে ঢাকায় সব চেম্বার বন্ধ রাখবেন।