চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলার কারণে রোগী মারা যাওয়ার ঘটনায় রাজবাড়ীর আদালতে চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার মৃত ব্যক্তির ভাই বিপ্লব কুমার রায় (৩৯) বাদী হয়ে ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।
মামলায় রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ মো. আবদুল হান্নানকে আসামি করা হয়। বিচারক ঘটনা তদন্ত করে আগামী ১২ মের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, শহরের বিনোদপুর গ্রামের নিউকলোনি এলাকার বাসিন্দা কুমার বিশ্বজিৎ রায়কে হার্নিয়াজনিত রোগের কারণে গত শুক্রবার গভীর রাতে রাজবাড়ীর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও হান্নান তাঁকে রাজবাড়ী মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দুপুরে চিকিৎসক হান্নান সেখানে তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হওয়ার পর থেকে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এ সময় অনেক অনুরোধ করার পরও চিকিৎসক আর ক্লিনিকে আসেননি। এ অবস্থায় রোগীকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
শেখ মো. আবদুল হান্নান বলেন, ‘বিধি মেনে অস্ত্রোপচার করা হয়েছে। আমি কোথাও শল্য চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিই না বা লিখি না। খারাপ উদ্দেশ্য নিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’