চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে...
ভুল অস্ত্রোপচার করে অন্তঃসত্ত্বা এক নারীর অঙ্গহানি করার অভিযোগে মাগুরা মাতৃসদন হাসপাতালের কনসালট্যান্ট নন্দ দুলাল বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম কামরুন্নাহার বেগমের আদালতে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন সদর উপজেলার হাজিপুর গ্রামের মো. নুরুল হাকিম। আদালতের হাকিম বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাগুরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, বাদী তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা খাতুনকে (৩৭) মাগুরা মাতৃসদন হাসপাতালের কনসালট্যান্ট নন্দ দুলাল বিশ্বাসকে দেখান। তাঁর পরামর্শমতো তিনি সব পরীক্ষা-নিরীক্ষা করেন। সবশেষে গত ১২ মার্চ চিকিৎসক বলেন, সালমার গর্ভে বাচ্চার অবস্থান ভালো নয়, দু-এক দিনের মধ্যে সিজারিয়ান (অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো) করাতে হবে।চিকিৎসক নন্দ দুলালের পরামর্শে বাদী তাঁর স্ত্রীকে মাতৃসদন হাসপাতালে ভর্তির জন্য আনেন। কিন্তু ওই চিকিৎসক পরে তাঁকে শহরের আরোগ্য ক্লিনিকে ভর্তি করানোর পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ১৩ মার্চ সকালে সালমাকে ওই ক্লিনিকে ভর্তি করান। এদিন সন্ধ্যায় নন্দ দুলাল সালমার অস্ত্রোপচার করেন। একটি মেয়েসন্তান হয়। কিন্তু অস্ত্রোপচারের সময় সালমার প্রচুর রক্তক্ষরণ হয়। চিকিৎসক ওই রক্তক্ষরণ বন্ধ করতে গিয়ে ভুল করে সালমার জরায়ু কেটে বাদ দেন। জরায়ু কাটতে গিয়ে মূত্রথলিরও আংশিক কেটে ফেলেন। এতে রক্তক্ষরণ আরও বেড়ে যায়। সালমার শরীরে ১২ ব্যাগ রক্ত দেওয়া হয়। এতেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ক্লিনিকের মালিক মাগুরা সদর হাসপাতালের শল্য চিকিৎসক শফিউর রহমানকে নিয়ে আসেন। তিনি কোনো রকমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে সালমাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সালমার অবস্থা দেখে সেখানে ভর্তি না করিয়ে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে সালমাকে ঢাকায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ১৯ মার্চ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে প্রায় ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর সালমা সুস্থ হয়ে উঠতে থাকেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গত ১ এপ্রিল সালমাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেয়। তারা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে সালমাকে বাড়িতে নিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে বলে। এ সময় স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা আগের ভুল চিকিৎসায় সালমার জীবন বিপন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে লিখিত দেন। এ ধরনের চিকিৎসায় কী করণীয় ছিল, এতে তাঁরা বিস্তারিত উল্লেখ করেন।মামলার বাদী নুরুল হাকিম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ভুল অস্ত্রোপচার, অতিরিক্ত রক্তক্ষরণ এবং উচ্চশক্তির ওষুধ সেবনের কারণে তাঁর স্ত্রী এখন চোখে কম দেখছেন। স্মৃতিশক্তিও হারাতে বসেছেন। তিনি বলেন, পরে জানা যায়, ওই চিকিৎসক আদৌ কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নন।জানতে চাইলে নন্দ দুলাল বিশ্বাস চিকিৎসায় ভুল হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই গর্ভবতীর অবস্থা বেশ জটিল ছিল। জরায়ু ভেদ করে ফুল ছিল। এ কারণে সিজারিয়ান করার পর রক্তপাত বন্ধ হচ্ছিল না। একপর্যায়ে জরায়ু কেটে ফেলি। এ সময় মূত্রথলিতে চাকু লেগে কেটে যায়।’ বিশেষজ্ঞ ডাক্তার বলতে কী বোঝেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার গাইনিতে দুটি এবং ডিজিও ও এমসিপিএস করা আছে।’ মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কেরামত আলী বলেন, ‘এখনো আদালতের কোনো কাগজপত্র পাইনি। কাগজ পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’