চিকিৎসকের ভয়ে হাসপাতালছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী সুস্থ বোধ করছেন কিন্তু চিকিৎসক বলছেন, হৃৎপিণ্ডের রক্তনালিতে ‘রিং’ পরাতে হবে। অন্যথায় সমস্যা। এ অবস্থায় ছাড়পত্র না নিয়েই হাসপাতাল ছেড়ে পালিয়েছেন তিন রোগী। গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ছেড়ে যাওয়া তিন রোগীর একজন ইতিমধ্যে অন্য চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ওই চিকিৎসক বলেছেন, রিং পরানোর প্রয়োজন নেই। ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চললেই হবে।
সাধারণত এনজিওগ্রাম করে চিকিৎসক নিশ্চিত হন, রোগীর রক্তনালিতে কোনো ‘ব্লক’ আছে কি না। ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। অথচ এই চিকিৎসক এনজিওগ্রামের আগেই রিং পরানোর জন্য দরাদরি শুরু করেন বলে অভিযোগ।
ওই চিকিৎসক হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের বিভাগীয় প্রধান রইস উদ্দিন। এর আগেও ২০১০ সালের ৮ এপ্রিল প্রথম আলোয় তাঁকে নিয়ে ‘চিকিৎসার নামে প্রতারণা!’ শীর্ষক একটি সংবাদ ছাপা হয়। তখনো তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রোগীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে রিং পরানোর চেষ্টা করেন। তাঁর কথায় রিং পরাতে গিয়ে রোগী মারাও গেছেন। আবার রিং না পরালে মুচলেকা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিতেও বাধ্য করেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের বাইরে রিং সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসক রইস উদ্দিনের যোগসাজশ রয়েছে। তিনি সেখান থেকে কমিশন পান।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার পাঁচজন রোগীকে এনজিওগ্রাম করাতে নেওয়া হয়। প্রথম দুজনের এনজিওগ্রাম হওয়ার পরই রইস উদ্দিন বলেন, তাঁদের রক্তনালিতে ‘ব্লক’ রয়েছে। রিং না পরালে বিপদ। পাঁচ মিনিটের মধ্যে তাঁদের সিদ্ধান্ত জানাতে বলা হয়। মানসিক চাপে পড়ে দুই রোগী সম্মতি দিলে তৎক্ষণাৎ তাঁদের রিং পরানো হয়। কিন্তু বাকি তিন রোগী এনজিওগ্রামের জন্য টাকা দিয়েও প্রথম দুজনের অবস্থা দেখে ছাড়পত্র না নিয়েই হাসপাতাল ছেড়ে পালান।
এঁদের একজন হলেন মাজদার রহমান (৪০)। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে। তাঁর বড় ভাই ছাবদার রহমান বলেন, এনজিওগ্রাম করানোর আগেই রইস উদ্দিন তাঁকে বলেন, তাঁর ভাইয়েরও রিং পরাতে হবে। এ জন্য ৮৫ হাজার টাকা লাগবে। এনজিওগ্রাম করানোর জন্য ওষুধও কেনা হয়েছিল। কিন্তু তাঁর ভাই সুস্থবোধ করায় তাঁরা হাসপাতাল ছেড়ে চলে আসেন।
ছাবদার রহমান বলেন, ছাড়পত্র নিতে হলে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। তখন ফের ওই চিকিৎসকের ফাঁদে পড়তে হতে পারে—এই ভয়ে তাঁরা চলে এসেছেন।
এখন অন্য একজন হৃদ্রোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন মাজদার রহমান। ওই চিকিৎসক ওষুধ দিয়েছেন। আর কিছু পরামর্শ মেনে চলতে বলেছেন। তাতেই ঠিক হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
একইভাবে শাশুড়িকে নিয়ে হাসপাতাল ছেড়েছেন চারঘাট উপজেলার স্কুলশিক্ষক ইউসুফ আলী। তিনি তাঁর শাশুড়ি আমেনা বেগমকে (৫৫) হাসপাতালে ভর্তি করেছিলেন।
কথা হয় মাজদার রহমানের আত্মীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এরই মধ্যে তাঁরা মাজদার রহমানকে অন্য চিকিৎসক দেখিয়েছেন। তিনি রোগীকে ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন।
যোগাযোগ করা হলে রইস উদ্দিন বলেন, ‘ওরা (তিন রোগী) তো পরে করাবে বলে চলে গেছে।’ এনজিওগ্রাম করার আগেই রিং পরানোর জন্য দরদাম করার কথা অস্বীকার করে তিনি বলেন, এটা তিনি করতে পারেন না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, রইস উদ্দিনের তো এ রকম করার কথা নয়। তারপরও তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।