চিকিৎসকের মামলায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে চিকিৎসককে নির্যাতন মামলায় উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনের স্ত্রী মিনা বেগমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, পুলিশি তদন্তে মিনা বেগম এ মামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, গত বুধবার দুপুরে জাকির হোসেনের বাড়িতে পুলিশি অভিযান চালানোর সময় জাকির হোসেনের শোবার ঘরের খাটের গদির মধ্যে লুকিয়ে রাখা ওই চিকিৎসকের স্বাক্ষরিত সাড়ে চার লাখ টাকার একটি চেকের পাতা উদ্ধার করা হয়। তখন জিজ্ঞাসাবাদের জন্য আটক মিনা বেগম স্বীকার করেন, চেকের পাতাটি তিনি গদিতে লুকিয়ে রেখেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের এসআই বুলবুল ইসলাম বলেন, মিনা বেগমকে মামলায় জড়িত সহযোগী আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।