চিকিৎসকের মৃত্যুর ঘটনা তদন্ত করবে বিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক নাঈমুল হকের মৃত্যুতে চিকিৎসার ঘাটতি বা অবহেলা ছিল কি না, তা তদন্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। দেশের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠনটির মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
নাঈমুল হক ১২ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম করাতে ভর্তি হন। অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী এনজিওগ্রাম করেন এবং রক্তনালিতে স্টান্টিং (রিং পরানো) প্রস্তুতি নেন। কিন্তু স্টান্টিং করার আগেই নাঈমুল মারা যান।
ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান আবদুল ওয়াদুদ চৌধুরী গতকাল শনিবার বিএমএর মহাসচিবকে লেখা চিঠিতে বলেন, ‘ডা. নাঈমুল হক শাম্মীর এই মৃত্যু একজন চিকিৎসক হিসেবে, একজন সহকর্মী হিসেবে আমার নিজের পক্ষেও মেনে নেওয়া কঠিন। তবে ডা. নাঈমুল হক শাম্মীর চিকিৎসায় আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের মাধ্যমে চেষ্টা করেছি সুস্থ করে তোলার।’
আবদুল ওয়াদুদ চৌধুরী চিঠিটি লিখেছেন নাঈমুল হকের চিকিৎসা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে। ২১ ডিসেম্বর বিএমএর মৌলভীবাজার শাখা প্রধানমন্ত্রীকে এক চিঠিতে তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করে, এনজিওগ্রামের প্রস্তুতি ও প্রটোকল ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক এনজিওগ্রাম করেন এবং স্টান্টিংয়ের প্রস্তুতি নেন। চিঠির অনুলিপি তারা বিএমএ ও আওয়ামী লীগ-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদকে দেয়।
বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান ঘটনা জানতে আবদুল ওয়াদুদ চৌধুরীকে চিঠি দেন। আবদুল ওয়াদুদ চৌধুরী গতকাল বিকেলে উত্তর পৌঁছান। ইকবাল আর্সলান জানান, এখন তদন্ত কমিটি করবে বিএমএ।
ল্যাবএইড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনা খতিয়ে দেখে প্রস্তুতি ও চিকিৎসকের কোনো ঘাটতি পায়নি।