চিকিৎসকের রিট খারিজ তথ্য কমিশনের রায় বহাল
বিলম্বে তথ্য দেওয়ায় নারায়ণগঞ্জের চিকিৎসক গোলাম মোস্তফাকে এক হাজার টাকা জরিমানা করে তথ্য কমিশনের দেওয়া রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি (রুল ডিসচার্জ) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেছেন, রিট খারিজ হওয়ায় এক হাজার টাকা জরিমানার রায় বহাল থাকল। এতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে আরও অগ্রগতি হলো।আইনজীবীরা বলছেন, তথ্য কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা প্রথম মামলার রায় এটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার শেখ আলী আহম্মদ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মামুন নামের একজন রোগী ২০০৯ সালের ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভর্তি ছিলেন কি না, তা জানতে চেয়ে ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেন। কিন্তু তথ্য অধিকার আইনের ৯ ধারা অসুসারে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য না দিয়ে ২০১১ সালের ২৫ এপ্রিল তথ্য দেওয়া হয়। ওই তথ্য অনুযায়ী মামুন ওই সময়ে হাসপাতালে রোগী হিসেবে ভর্তি ছিলেন না। যথাসময়ে তথ্য না দেওয়ায় আলী আহম্মদ ২০১১ সালের ৮ সেপ্টেম্বর ওই চিকিৎসকের বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ করেন।