চিকিৎসকের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে এক চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি ও এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গতকাল শনিবার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়েছে। দুর্বার নেটওয়ার্কসহ বিভিন্ন বেসরকারি সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নিহত প্রসূতি আনোয়ারা নাছরিনের (৩৫) স্বামীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়।প্রসূতির স্বামী তেঁতুলিয়া উপজেলার শালবাহান গ্রামের নইমূল হক অভিযোগে বলেন, গত ৩০ মার্চ তিনি তাঁর স্ত্রীকে নিয়ে পঞ্চগড় শহরের সেবা প্যাথলজি নামের একটি ক্লিনিকে যান। সেখানে দায়িত্বে ছিলেন পঞ্চগড় মা ও শিশুকল্যাণকেন্দ্রের চিকিৎসক আখতার জাহান। ওই সময় চিকিৎসক তাঁর স্ত্রী নাছরিনকে রাতে মা ও শিশুকল্যাণকেন্দ্রসংলগ্ন তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসতে বলেন। এরপর আট হাজার টাকার চুক্তিতে সেখানে গেলে চিকিৎসক আকতার জাহান তাঁর স্ত্রীর বাচ্চা প্রসব করান। প্রসবের পরপরই নাছরিনের রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীকে চিকিৎসক মা ও শিশুকল্যাণকেন্দ্রে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এর আগে চুক্তি অনুযায়ী টাকা না পেয়ে আখতার জাহান রোগীর কাছ থেকে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেন। এ ঘটনায় নইমূল হক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। চিকিৎসা কর্মকর্তা আখতার জাহান ভুল ও অবহেলায় ওই প্রসূতির মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অতিরিক্ত রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয়েছে। তিনি রোগীর স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।