চিকিৎসকের শাস্তি দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগ এনে চিকিৎসকসহ হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন প্রয়াত গৃহবধূ মেহেরুন্নেছার স্বজনেরা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনের সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেহেরুন্নেছার বাবা খায়রুল বশর ও শ্বশুর মো. ইসহাক। তাঁদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মেহেরুন্নেছার মৃত্যু হয়েছে। অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ হলেও শামীমা সিদ্দিকীসহ অন্য চিকিৎসকেরা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি। তাঁরা চিকিৎসক শামীমার শাস্তি দাবির পাশাপাশি ‘সার্জিস্কোপ হাসপাতাল’ বন্ধ করে দেওয়ার দাবি জানান।
গত রোববার নগরের পাঁচলাইশের সার্জিস্কোপ হাসপাতালে সন্তান জন্মদানের পর মেহেরুন্নেছার মৃত্যু হয়। মেহেরুন্নেছা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ভাতিজি। ভুল চিকিৎসা এবং অবহেলার অভিযোগ এনে ঘটনার দিনই হাসপাতালে ভাঙচুর চালান নিহত গৃহবধূর স্বজনেরা।
গতকালের মানববন্ধন কর্মসূচিতে স্বজন ছাড়াও মেহেরুন্নেছার বাড়ি চান্দগাঁও এলাকার বাসিন্দারাও অংশ নেন। ‘চিকিৎসক নাকি ঘাতক’, ‘কসাইখানা সার্জিস্কোপ বন্ধ করা হোক’—এ রকম নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নেন অনেকে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে সরওয়ার আলম চৌধুরী, মেহেরুন্নেছার ভাই মুস্তফা জামাল বক্তব্য দেন। নিহত গৃহবধূর স্বজনেরা চিকিৎসকের শাস্তি দাবি করলেও এ ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক শামীমা সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্বজন মারা যাওয়ায় স্বাভাবিক কারণে তাঁদের ক্ষোভ থাকতেই পারে। আমিও সমব্যথী। তবে আমার দিক থেকে চিকিৎসার কোনো অবহেলা ছিল না। অস্ত্রোপচারের পর রোগী চার ঘণ্টা ভালো ছিলেন। উচ্চ রক্তচাপের কারণে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। আমি চেষ্টার ত্রুটি করিনি। এখন আমার বিচার চাইলে তাঁরা সেটা যথাযথ প্রক্রিয়ায় চাইতে পারেন। মাঠে-ময়দানে এভাবে ঢালাও অভিযোগ করা ঠিক না।’