চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে চিকিৎসায় অবহেলার কারণে কুমার বিশ্বজিৎ রায় মারা যাওয়ার অভিযোগে চিকিৎসকের শাস্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। বিকেল পাঁচটায় শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অভিযুক্ত চিকিৎসকের নাম শেখ মো. আবদুল হান্নান। তিনি রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দায়িত্ব পালন করছেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবুল কালাম, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক, আইনজীবী সমিতির সভাপতি কাজী আবদুল বারী, নারীনেত্রী শামীমা আক্তার, ছাত্র ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর রায় ও কুমার বিশ্বজিৎ রায়ের ছোট ভাই বিপ্লব কুমার রায়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার নারী-পুরুষ অংশ নেন।
রাজবাড়ীর সিভিল সার্জন মাহবুবুল হকের কাছে অস্ত্রোপচারের সনদ না থাকার পরও অস্ত্রোপচার করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, নিবন্ধন থাকলে ছোটখাটো অস্ত্রোপচার করা যায়।
আবদুল হান্নান ১১ এপ্রিল শহরের বিনোদপুর গ্রামের নিউ কলোনি এলাকার বাসিন্দা কুমার বিশ্বজিৎ রায়ের হার্নিয়া অস্ত্রোপচার করেন। পরে ঢাকা নেওয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় ১৩ এপ্রিল বিশ্বজিতের ভাই বিপ্লব কুমার রায় বাদী হয়ে চিকিৎসক আবদুল হান্নানকে আসামি করে মামলা করেন। বিচারক ঘটনাটি তদন্ত করে ১২ মের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
১৪ এপ্রিল প্রথম আলোয় ‘চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।