চিকিৎসক-সংকট, বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট, অপ্রতুল ওষুধ সরবরাহসহ নানা কারণে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।হাসপাতাল সূত্র জানায়, ১৯৭৫ সালে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি যাত্রা শুরু করে। ২০০৮ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখনো ৩১ শয্যার জনবল দিয়ে চলছে হাসপাতালটি।উপরন্তু, ৩১ শয্যার এ হাসপাতালে ২৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ১২ জন। এর মধ্যে অবেদনবিদ, নাক-কান-গলা, সার্জারি, গাইনি, অ্যানেসথেসিয়া ও চক্ষু চিকিৎসক নেই। ডেন্টাল সার্জন অন্যত্র প্রেষণে আছেন। গত বছরের জুন থেকে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ নেই। শৈল্য চিকিৎসক নেই ২০০৭ সাল থেকেই। এ কারণে প্রসূতিসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।তিন বছর ধরে বিকল এক্স-রে যন্ত্র। অ্যাম্বুলেন্স দুটি তিন মাস ধরে বিকল। প্রয়োজনীয় উপকরণের অভাবে রোগনির্ণয় বিভাগে পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয় না। তাই রোগীদের নির্ভর করতে হয় বিভিন্ন বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের ওপর।হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান মো. মুকুল জানান, দীর্ঘদিন এভাবে বন্ধ থাকার কারণে কোটি টাকা দামের এক্স-রে যন্ত্রটি যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। অস্ত্রোপচার কক্ষটি বছরের পর বছর তালাবদ্ধ থাকায় প্রায় কোটি টাকা দামের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ, অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার হচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল আলম এক্স-রে যন্ত্রে ত্রুটি থাকার কথা উল্লেখ করে জানান, জনবলের অভাবে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিভিন্ন বিষয়ে সমস্যা উল্লেখ করে সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হয়েছে।পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘আশা করি, সব সমস্যার দ্রুত সমাধান হবে। তখন আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।’