চিকিৎসকের সনদ ছাড়া গরু জবাই না করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুচিকিৎসকের সনদ ছাড়া দেশের কোথাও কোনো গরু জবাই না করার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে কমিটি অনুরোধ জানিয়েছে।গতকাল বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গরুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে এবং এর সংক্রমণ রোধে গঠিত কমিটি চিকিৎসকের প্রত্যয়নপত্র ছাড়া কোনো গরু জবাই না করার সুপারিশ করেছে। এ-সংক্রান্ত বিদ্যমান আইনেও একই ধরনের বিধান রয়েছে।তড়কা রোগ ছড়িয়ে পড়ার পর মন্ত্রণালয়ের রেড অ্যালার্ট জারি সম্পর্কে কমিটির সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বৈঠকে বলেন, রেড অ্যালার্ট অর্থ পশু জবাই বন্ধ বা খাওয়া বন্ধ করা নয়। এর অর্থ প্রাণিসম্পদ বিভাগের সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকা।পশু জবাইয়ের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। মন্ত্রী জানান, পশু জবাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংসদের আগামী অধিবেশনে তা উত্থাপন করা হবে।জানা গেছে, সভায় চিড়িয়াখানার দুর্নীতি তদন্তে গঠিত উপকমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। তদন্তে চিড়িয়াখানার দেয়ালের সংস্কারকাজে অনিয়ম ধরা পড়েছে। এ জন্য কমিটি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ছাড়াও কমিটির সদস্য মোসলেম উদ্দিন, মীর শওকত আলী, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও নূর আফরোজ আলী উপস্থিত ছিলেন।