চিকিৎসকের সনদ জাল করে ধর্ষণ মামলা!
চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের ভুয়া সনদের মাধ্যমে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন স্থানীয় এক গৃহবধূ। গত বছর ২৫ আগস্ট চট্টগ্রাম বিচারিক আদালতে এ মামলা দায়ের হয়।
পুলিশি তদন্ত প্রতিবেদন ও অনুসন্ধানে জানা যায়, প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশে ধর্ষণের ভুয়া চিকিৎসা সনদ দিয়ে মিথ্যা অভিযোগ করেন ওই গৃহবধূ।
জানা যায়, গত বছর ৫ জুলাই লোহাগাড়ার চুনতি এলাকার মো. ইসলাম, মো. আলতাফ, আব্দুর রহমান ও নাজিম উদ্দিন মিলে জোরপূর্বক ওই গৃহবধূকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তাঁর স্বামীসহ অন্যরা মিলে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতালে চিকিৎসা নেন। এ-সংক্রান্ত ২০১৩ সালের ৬ জুলাই ডা. রওনাক জাহান স্বাক্ষরিত ধর্ষিত হওয়ার একটি ভুয়া সনদ আদালতে দাখিল করেন।
এ ব্যাপারে জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক আলী আজগর ফকির জানান, ২০১২ সালে ডা. রওনাক জাহান এ হাসপাতালে কর্মরত ছিলেন না। ডা. রওনাক জাহানের বাবা শাহজাহান চৌধুরী জানান, তাঁর মেয়ে ২০১২ সাল থেকে বিদেশে অবস্থান করছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান জানান, প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশে ওই গৃহবধূ মিথ্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এ মামলার আসামি মো. ইসলাম জানান, জনৈক শওকত আলীর সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ মিথ্যা মামলা করা হয় এবং আর্থিক ক্ষতিসহ তিনি নানা হয়রানির শিকার হন।
লোহাগাড়ার পুটিবিলা এলাকার ইউপি সদস্য পেয়ার মিয়া জানান, টাকার লোভে ওই গৃহবধূ কারও দ্বারা প্রভাবিত হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করবেন না বলে জানান।