চিকিৎসকের সিদ্ধান্তে প্রভাব ফেলে নিজস্ব উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর ব্যাপারে সিদ্ধান্তের ক্ষেত্রে চিকিৎসকেরা তথ্য-উপাত্তের চেয়ে নিজের উপলব্ধির ওপর বেশি গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের বোস্টনের বাথ ইসরায়েল ডেয়াকোনেস মেডিকেল সেন্টারে ১০ বছরে চিকিৎসা দেওয়া প্রায় ৬০ হাজার রোগীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা।

এমআইটির বিজ্ঞানীরা এ তথ্য এমন সময় প্রকাশ করলেন, যখন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে; যা মেডিকেল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোগনির্ণয় ও চিকিৎসা সমস্যার সমাধানে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এ ধরনের প্রযুক্তি কি একজন চিকিৎসকের মতো কাজ করতে পারবে?

এমআইটির নতুন এই গবেষণা বলছে, চিকিৎসকেরা সেবার ক্ষেত্রে এমন মাত্রা যোগ করতে পারেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তায় সম্ভব নয়। বোস্টনের ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের রোগীদের জন্য লেখা চিকিৎসকদের নোটগুলো বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, একজন নির্দিষ্ট রোগীর বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে চিকিৎসক কয়টি পরীক্ষা-নিরীক্ষা করাতে নির্দেশ দেন, তা নির্ধারিত হয় চিকিৎসকের উপলব্ধির দ্বারা। গবেষকেরা গত ২০ জুলাই ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটির সম্মেলনে তাঁদের তথ্য প্রকাশ করেন। এমআইটির ওয়েবসাইটে তা সংবাদ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়।

গবেষকেরা বলছেন, চিকিৎসকদের অভিজ্ঞতা এবং বহু বছরের প্রশিক্ষণ ও পেশা চর্চায় এমন কিছু বিষয় থাকে, যা তাঁদের সমন্বিত জ্ঞানের মাধ্যমে রোগী সম্পর্কে জানতে সাহায্য করে। এটা রোগের লক্ষণের তালিকা বা একজন রোগী ভালো আছে কী নেই, তা জানার চেয়েও অনেক বেশি। চিকিৎসকেরা এমন কিছু সংগ্রহ করেন, যা যন্ত্র হয়তো দেখতেই পায় না।

এ ব্যাপারে দেশের দুজন প্রথিতযশা চিকিৎসক মতামত দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, তথ্য-উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকের উপলব্ধির ভিত্তি এসব তথ্য-উপাত্ত এবং তার অভিজ্ঞতা।

বিএসএমএমইউর রিউমাটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার তথ্য-উপাত্ত থেকে রোগীর পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় বটে। কিন্তু জটিল ও জরুরি চিকিৎসায় চিকিৎসকের উপলব্ধি অনেক বড় বিষয়।’ তিনি বলেন, চিকিৎসক যখন কোনো রোগীর সঙ্গে কথা বলেন, রোগীকে স্পর্শ করেন, তখন কিছু অনুভব করেন, যা মেডিকেল তথ্য-উপাত্তে পাওয়া যায় না। চিকিৎসকের এই উপলব্ধি, এই অনুভব অনেক মূল্যবান বিষয়।

গবেষকেরা বলছেন, চিকিৎসকেরা অনেক বিষয়কে গুরুত্ব দেন। এর মধ্যে আছে লক্ষণ, রোগের তীব্রতা, পারিবারিক ইতিহাস, জীবনযাপন পদ্ধতি। এসবের ওপর ভিত্তি করে তাঁরা সিদ্ধান্ত নেন, রোগীর জন্য কোন ধরনের পরীক্ষার নির্দেশ তাঁরা দেবেন। ওই বিষয়গুলোর সঙ্গে চিকিৎসকের উপলব্ধি সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলে।

অন্তর্জ্ঞান চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে কি না, তা জানার জন্য চিকিৎসকদের লেখা নোট বিশ্লেষণ করে তাঁদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করেছেন এমআইটির গবেষকেরা। ভোক্তাদের আচরণ অনুমান করার জন্য মনোভাব বা দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা হয়। এটা এখন স্বীকৃত পদ্ধতি।

গবেষকেরা দেখতে চেয়েছিলেন, হাতে থাকা তথ্য-উপাত্তের ওপর চিকিৎসকের লেখা নোটের কোন বিষয়টিকে চিকিৎসক বেশি গুরুত্ব দিয়েছিলেন। গবেষকেরা দেখেছেন, চিকিৎসক যখন রোগী সম্পর্কে হতাশ হয়ে পড়েন, তখন তিনি বেশি পরীক্ষা-নিরীক্ষা দিতে থাকেন। যদি তিনি রোগী সম্পর্কে খুব বেশি নেতিবাচক ধারণা পোষণ করেন, তবে তিনি খুব কম পরীক্ষার নির্দেশ দেন।

গবেষকেরা সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসকদের এই উপলব্ধির বিষয়টি আরও ভালো করে জানতে চান। যদি জানা সম্ভব হয়, তা হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তা ব্যবহারও করা যেতে পারে। প্রশ্ন থেকে যাচ্ছে, একটি যন্ত্রকে এই কাজটি করতে দিতে সবাই চাইবেন তো?