চিকিৎসকের হাতে নবজাতক ক্ষতিগ্রস্ত, থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক চিকিৎসকের বিরুদ্ধে প্রসূতির অস্ত্রোপচারের সময় নবজাতকের হাত-পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জন আখতারুন নাহারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের খোকন মিয়ার স্ত্রী খোরশেদা বেগম (৪০) প্রসবব্যথা নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় তিনি গাইনি চিকিৎসক আখতারুন নাহারের সঙ্গে যোগাযোগ করেন। আখতারুন নাহার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে উপজেলা সদরে অবস্থিত চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতাল নামের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন।আখতারুন নাহারের পরামর্শ অনুসারে খোরশেদা ১৫ হাজার টাকায় অস্ত্রোপচার করার চুক্তিতে ওই ক্লিনিকে ভর্তি হন। বেলা সোয়া একটার দিকে খোরশেদার শরীরে অস্ত্রোপচার করেন আখতারুন নাহার। এ সময় নবজাতকের হাত-পা ভেঙে যায় ও পিঠের কিছু অংশ কেটে যায়।চিকিৎসক আখতারুন নাহার বলেন, গর্ভে নবজাতকের অবস্থান উল্টো ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ থেকে রোগীকে বাঁচাতে গিয়ে নবজাতককে বের করার সময় তার হাত ও পায়ে আঘাত লেগেছে। তিনি নিজ খরচে কুমিল্লার একটি প্রাইভেট ক্লিনিকে নবজাতক ও প্রসূতির চিকিৎসা করাচ্ছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আনীত অন্য অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেন।