দক্ষিণাঞ্চলের ছয় জেলার ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি জেনারেল হাসপাতালের ৫৮ ভাগ চিকিৎসকের পদ শূন্য থাকায় চিকিৎসা-কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বরিশাল বিভাগে এক হাজার ১৮ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন ৪৩৭ জন। অর্থাৎ দেড় কোটি মানুষের এই অঞ্চলে প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষের জন্য চিকিৎসক আছেন মাত্র একজন।সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা শাখার সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, চিকিৎসক-সংকটের বিষয়টি বর্তমানে এতটাই নাজুক যে এখন এই বিভাগের অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা পাওয়ার কোনো সুযোগ আর হাসপাতালগুলোতে নেই।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরিশাল বিভাগের ছয় জেলার ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি জেনারেল হাসপাতালে চিকিৎসকের এক হাজার ১৮টি পদ থাকলেও ৭৭৮টি পদ শূন্য ছিল দীর্ঘদিন। ২০১০ সালের নভেম্বরে নন-ক্যাডার ২১২ জন চিকিৎসক আসার পরও এসব হাসপাতালে ৫৫১ জন চিকিৎসকের পদ শূন্য ছিল। কিন্তু নন-ক্যাডার ২১২ জন চিকিৎসকের মধ্যে ৭৫ জনকে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশে সমপ্রতি ঢাকায় বদলি করে নিয়ে যাওয়ায় বর্তমানে এই বিভাগে মাত্র ৪৩৭ জন চিকিৎসক কর্মরত আছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেলা সদরে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে ২১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র নয়জন। ফলে ন্যূনতম চিকিৎসাসেবা পাচ্ছে না রোগীরা। ১০০ শয্যার ভোলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসকের মধ্যে চিকিৎসা কর্মকর্তা, কনসালট্যান্ট ও জরুরি বিভাগের চিকিৎসকসহ মাত্র আটজন চিকিৎসক কর্মরত আছেন। একইভাবে ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী আধুনিক জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কসহ ৫৮ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে তত্ত্বাবধায়কসহ কর্মরত আছেন মাত্র ১৮ জন। বরগুনার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে চিকিৎসক আছেন মাত্র তিনজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল আহসান বলেন, চিকিৎসক-সংকটের কারণে সাধ্যমতো চেষ্টা করেও ন্যূনতম সেবা নিশ্চিত করা যাচ্ছে না। ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘উপজেলায় ৩৪ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে চিকিৎসক আছেন মাত্র সাতজন। এর মধ্যে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও বাকিরা চিকিৎসা কর্মকর্তা। ফলে চারজনকে পুরো উপজেলার চিকিৎসা-কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। যোগাযোগ করা হলে স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মোস্তাক আল মেহেদী প্রথম আলোকে বলেন, সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের সময় ৬০০ চিকিৎসক চেয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছিল, সেখানে দেওয়া হয় ২১১ জন। তাঁদের মধ্যে আবার ৭৫ জন চিকিৎসক ঢাকায় বদলি হয়ে গেছেন। এখন বরিশাল বিভাগে মোট চিকিৎসকের শতকরা ৫৮ ভাগ পদ শূন্য থাকায় পুরো বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নাজুক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে অবহিত ও সমস্যা সমাধানে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে।