চিকিৎসকের ১৬ পদের ১০টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে লোকজন। হাসপাতালটি ২০০৯ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো ওষুধের বরাদ্দ ও লোকবল বাড়ানো হয়নি।হাসপাতালে ৩১ শয্যার জন্য চিকিৎসকের ১৬টি পদ থাকলেও আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ (আরএমও) ১০টি পদই শূন্য। অথচ ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক থাকার কথা ২২ জন। শৈল্যচিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার হয় না। গাইনি চিকিৎসক না থাকায় প্রসূতিরা এখানে আসেন না। এক্স-রে যন্ত্র এক যুগ ধরে নষ্ট।গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালে গেলে কাহালুর কালাই গ্রামের সরাফত আলী জানান, তাঁর ছেলে নূর ইসলাম (৭) পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের এক্স-রে যন্ত্রটি নষ্ট, তাই বাধ্য হয়ে কোনো ক্লিনিকে এক্স-রে করাতে হবে। বহির্বিভাগে রোগীদের ভিড় থাকলেও কোনো চিকিৎসককে দেখা যায়নি।চাতালশ্রমিক কহিনূর বেগম বলেন, কয়েক দিন ধরে তাঁর শিশুসন্তানের জ্বর। কাজ ফেলে সকাল থেকে এসে টিকিট নিয়ে প্রায় ঘণ্টা দুয়েক ধরে বসে আছেন, কিন্তু কোনো চিকিৎসকের দেখা পাননি।হাসপাতালের ছয়জন আবাসিক চিকিৎসক থাকলেও সার্জারি, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, দন্ত, অ্যানেসথেসিয়া, ইউনানি/হোমিও চিকিৎসক, চিকিৎসা কর্মকর্তার (প্যাথলজি ও জরুরি বিভাগ) পদ শূন্য। নার্সের ১৫টি পদের মধ্যে পাঁচটি এবং মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) একটি পদ শূন্য।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই হিসাবে চিকিৎসক নেই। মাঝেমধ্যে ইউনিয়ন উপকেন্দ্রের চিকিৎসক দিয়ে হাসপাতাল চালাতে হচ্ছে। শৈল্যচিকিৎসক না থাকায় অস্ত্রোপচার হয় না। বগুড়ার সিভিল সার্জন আবদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক-সংকট রয়েছে। এটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও ওষুধসহ বিভিন্ন বরাদ্দ ও লোকবল আগের হিসাবেই রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী অর্থবছরেই এ সমস্যা আর থাকবে না।