চিকিৎসকের ২০টি পদের ১৫টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলসংকটে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালে ২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আছেন পাঁচজন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়ানো হলেও সে অনুযায়ী জনবল বাড়ানো হয়নি। হাসপাতালে কাগজে-কলমে লাইলুন নাহার নামের একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক থাকলেও তিনি ১০ বছর ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে আছেন। এ ছাড়া জুনিয়র মেকানিক, পরিসংখ্যানবিদ, দুজন আয়া, একজন নার্সসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য। বর্তমানে এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন দন্ত্যচিকিৎসক ও একজন গাইনি চিকিৎসক দায়িত্ব পালন করছেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। এ কারণে হাসপাতাল সামলাতে হয় মূলত চারজন চিকিৎসককে।গতকাল বুধবার সরেজমিনে হাসপাতালে দেখা গেছে, চিকিৎসক গোলাম মোর্শেদ অন্তর্বিভাগে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সদর ইউনিয়নের দুধিয়াবাড়ী গ্রামের হাসমত আলী (৫০) বলেন, ‘হাসপাতালোত ভর্তি হয়া বাইরোত থাকি অক্ত (রক্ত) টেস্ট (পরীক্ষা) করা নাগচে। তাতে ১৪০ ট্যাকা নেচে।’ রোগী রুহুল আমিন (৩৫) বলেন, ‘হাসপাতালোত থাকি খালি সিলাই দেচে, আর ওষুধ বাইরোত থাকি কিনচি।’ মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন গোলেজা বেগম (৩৫) জানান, বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।হাসপাতাল সূত্র আরও জানায়, ২০০৭ সালের মার্চ মাস থেকে এক্স-রে যন্ত্রটি বিকল। এ ছাড়া ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র নেই। জটিল রোগীদের পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করাতে হয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোর্শেদ বলেন, এখানে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হয়। চিকিৎসকসংকট থাকায় ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এনে এখানে কাজ চালানো হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী বলেন, হাসপাতালের চিকিৎসক ও জনবলসংকটসহ বিভিন্ন সমস্যার কথা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি।সিভিল সার্জন রেজাউল করিম বলেন, ‘পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু আমার করার নেই।’