চিকিৎসকের ২৩ পদ খালি, অস্ত্রোপচার বন্ধ পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ৩২টি পদের মধ্যে ২৩টিই খালি রয়েছে। হাসপাতালটিতে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় জটিল প্রসূতিসেবাসহ সব ধরনের অস্ত্রোপচার পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে।
এলাকার বাসিন্দারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০টি ইউনিয়নের প্রায় ৩ লাখ লোকের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল। এখানে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও যন্ত্রাংশের অভাব। তাই গরিব লোকজন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির বিভিন্ন বিভাগে ৩২ জন চিকিৎসকের স্থলে বর্তমানে ৯ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে গাইনি বিভাগে পাঁচ বছর ধরে চিকিৎসক ও অবেদনবিদ নেই। ফলে বিভাগটি কার্যত অচল হয়ে পড়েছে। হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি ২০১২ সালের মার্চে বিকল হয়ে যায়। এর মধ্যে একবার দেড় লাখ টাকা ব্যয়ে ঠিক করা হলেও দুই মাসের মধ্যেই সেটি আবার নষ্ট হয়ে পড়ে রয়েছে।
জেলা সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, হাসপাতালটিতে জনবলের সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত চিঠিও দেওয়া হয়েছে। হাসপাতালটিতে নতুন অ্যাম্বুলেন্স সরবরাহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
গত সোমবার হাসপাতালে আসা বাগডোব গ্রামের নঈম উদ্দিন মণ্ডল বলেন, ‘মেয়ের প্রসব বেদনা উঠলে গ্রাম থেকে ভ্যানগাড়িতে করে সকালে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালের ডাক্তার নরমাল ডেলিভারি হবে না বলে রোগীকে নওগাঁ সদর হাসপাতালে অথবা রাজশাহীতে নিয়ে যাওয়ার কথা বলেন। বাধ্য হয়ে এখন মেয়েকে নওগাঁয় নিয়ে যেতে হচ্ছে। হাসপাতালের অ্যাম্বুলেন্স না থাকায় মাইক্রোবাস কিংবা সিএনজিচালিত অটোরিকশা ভাড়ার কথা চিন্তা করছি।’
উপজেলা সদরের লিচুবাগান এলাকার আহসান হাবিব বলেন, আগে মহাদেবপুর থেকে রাজশাহীতে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে গেলে ৭০০ থেকে ৮০০ টাকা লাগত। এখন নওগাঁ কিংবা রাজশাহী যাওয়ার জন্য ৩ থেকে ৪ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও দেবাশীষ বিশ্বাস বলেন, ২০১১ সালে হাসপাতালের একমাত্র অবেদনবিদ বদলি হয়ে যান। এর কয়েক মাস পর গাইনি চিকিৎসকও বদলি হন। এর পর থেকেই এখানে সব ধরনের অস্ত্রোপচার ও জটিল প্রসূতি চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। অথচ হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে সব ধরনের আধুনিক সরঞ্জাম রয়েছে। প
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আখতারুজ্জামান আলাল বলেন, ‘প্রয়োজনীয় চিকিৎসক ও অ্যাম্বুলেন্স এবং হাসপাতালটির বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। গত মাসে উপজেলা সমন্বয় সভায় স্থানীয় সাংসদ সেলিম উদ্দিন তরফদারকেও বিষয়গুলো জানানো হয়েছে। তিনি অবিলম্বে হাসপাতালে একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’