চিকিৎসকের ৩২ পদের মধ্যে ২৬টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ৩২টি পদের মধ্যে ২৬টিই শূন্য। এতে উপজেলার সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্র জানায়, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওগ্রাফারের পদ নয় বছর ধরে শূন্য। ১০ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটিও অকেজো। অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার বন্ধ। চিকিৎসক-সংকট সত্ত্বেও দুজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অন্য উপজেলায় প্রেষণে কর্মরত।

সূত্র জানায়, মেডিকেল টেকনোলজিস্টের তিনটি পদ ১০ বছর ধরে শূন্য। সেবিকার ১৬টি পদের মধ্যে ১৫টি এবং পাচক ও মশালচির দুটি পদ শূন্য। প্রধান সহকারী, ভান্ডাররক্ষক ও হিসাবরক্ষকের একটি করে এবং অফিস সহকারীর তিনটি পদ শূন্য। পরিচ্ছন্নতাকর্মীর সাতটির মধ্যে পাঁচটি এবং নিরাপত্তা প্রহরীর দুটির মধ্যে একটি পদ শূন্য। সব মিলিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৫০টি পদ শূন্য। স্থানীয় লোকজন বলেন, চিকিৎসক ও জনবল-সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হয়। যাঁদের আর্থিক অবস্থা ভালো, তাঁরা উন্নত চিকিৎসা নিতে মেঘনা পাড়ি দিয়ে ৯০ কিলোমিটার দূরে জেলা সদর মাইজদীতে যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদির প্রথম আলোকে বলেন, চিকিৎসকসহ জনবল-সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৈনন্দিন কাজকর্মে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।