চিকিৎসকের ৪৩টি পদের ৩৫টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেনারেল হাসপাতালে চলছে চিকিৎসক-সংকট। কোনো বিভাগেই নেই বিশেষজ্ঞ চিকিৎসক। আট মাস আগে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও নতুন জনবল কাঠামোর অনুমোদন এখনো হয়নি। এমনকি ১০০ শয্যার জনবল অনুযায়ী চিকিৎসকের ৪৩টি পদ থাকলেও শূন্য রয়েছে ৩৩টি। ফলে ভোগান্তিতে পড়েছে রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ১০০ শয্যার হাসপাতালের যাত্রা শুরু হয়। আট মাস পর এটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখন পর্যন্ত নতুন জনবল কাঠামো অনুমোদন হয়নি। আগের ১০০ শয্যার কাঠামো অনুযায়ী চিকিৎসক থাকার কথা ৪৩টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০ জন। এর মধ্যে আবার দুজন আছেন ছুটিতে। ফলে নিয়মিত দায়িত্ব পালন করেন আটজন। বিশেষজ্ঞ চিকিৎসকের ১২টি পদের সবগুলোই শূন্য। হাসপাতালে ৩০০ থেকে ৩৫০ জন রোগী ভর্তি থাকে। এ ছাড়া প্রতিদিন ৮৫০ থেকে ১ হাজার রোগী আসে চিকিৎসা নিতে। তাদের অধিকাংশই ঠিকমতো চিকিৎসাসেবা পায় না। সেই সঙ্গে ২৪ জন পরিচ্ছন্নতাকর্মীর জায়গায় আছেন মাত্র তিনজন। হাসপাতালের সুপারসহ প্রশাসনিক ২০টি পদ শূন্য আছে।
সরেজমিনে দেখা যায়, রোগীদের উপচে পড়া ভিড়। দ্বিতল ওই ভবনে বিভিন্ন ওয়ার্ডসহ চিকিৎসকদের বসার জন্য শতাধিক কক্ষ রয়েছে। কিন্তু কোনো কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। চিকিৎসা কর্মকর্তারাই সব চিকিৎসাপত্র দিচ্ছেন।
সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা গ্রামের আকমল হোসেন হৃদ্রোগের সমস্যা নিয়ে এসেছিলেন। কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসক পাননি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অলক কুমার দাস জানান, স্বল্প চিকিৎসক নিয়েই প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা দিতে হয়। এতে সব রোগীকে অনেক সময় চিকিৎসাপত্র দেওয়া সম্ভব হয় না। আবার অনেক রোগীর সমস্যা তড়িঘড়ি শুনে চিকিৎসা দিতে হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তাপস কুমার সরকার বলেন, সম্প্রতি এ হাসপাতালে তিনজন চিকিৎসককে পদায়ন করা হয়েছিল। এর মধ্যে দুজন আসেননি। আর একজন যোগদান করেছেন, কিন্তু কয়েক দিন পর তিনি চলে যাবেন। এ মুহূর্তে হাসপাতালে জরুরি ভিত্তিতে একজন পরিচালক ও সাতজন জরুরি চিকিৎসা কর্মকর্তা প্রয়োজন বলে জানান তিনি।