পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসকের ৫৮টি পদের ৩৭টিই শূন্য। জরুরি বিভাগ ও বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। সিভিল সার্জন কার্যালয়ের দুজন চিকিৎসা সহকারীকে এনে চালানো হচ্ছে বহির্বিভাগ।
হাসপাতাল সূত্র জানায়, ১৯৭৯ সালে শহরের কালিকাপুর এলাকায় ১০০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণ করা হয় । ১৯৯৬ সালে এটি ১৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন করা হলেও লোকবল বাড়ানো হয়নি। ২৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী হাসপাতালে তত্ত্বাবধায়কসহ ৫৮ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু এখন কর্মরত আছেন মাত্র ২১ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রশাসনিক দায়িত্বে থাকতে হচ্ছে। সহকারী পরিচালক পদটিও শূন্য। বাকি ২০ জন চিকিৎসককে সব ধরনের চিকিৎসা সেবার কার্যক্রম চালাতে হচ্ছে।
জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের মধ্যে শিশু, নাক-কান-গলা (ইএনটি), হৃদ্রোগ (কার্ডিওলজি), অর্থোপেডিক এই চারটি পদ শূন্য। জুনিয়র বিশেষজ্ঞ ১১টি পদের চক্ষু, অ্যানেসথেসিয়া, রেডিওলজি ও প্যাথোলজি এই চারটি পদ শূন্য। এ ছাড়া আবাসিক চিকিৎসক, আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ তিনটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অবেদনবিদের (অ্যানেসথেটিস্ট) তিনটি পদ থাকলেও তা শূন্য রয়েছে। ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও প্যাথলজিস্ট ও রেডিওলজিস্ট এই পদ দুটি শূন্য রয়েছে। চিকিৎসা কর্মকর্তার ১০টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন। সহকারী রেজিস্ট্রারের ১১টি পদে কর্মরত আছেন মাত্র দুজন। জরুরি চিকিৎসা কর্মকর্তার চারটি পদই শূন্য। এ ছাড়া আয়ুর্বেদিক চিকিৎসা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সারি। খোঁজ নিয়ে জানা গেল, হাসপাতালের বহির্বিভাগে দুজন চিকিৎসা সহকারী রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
এ সময় সদর উপজেলার বশাকবাজার এলাকার রোকেয়া বেগম বলেন, তাঁর মেয়ে সুমি (৪) বেশ কদিন ধরে জ্বরে ভুগছে। তাকে নিয়ে তিনি এই হাসপাতালে এসেছেন। টিকিট কেটে আধঘণ্টা অপেক্ষার পর চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র পেয়েছেন। একই ধরনের কথা জানান আরও তিন-চারজন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এত অল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দেওয়া অত্যন্ত দুরূহ। তবে এখন জরুরি প্রয়োজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসা কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রার, অবেদনবিদ, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট ও জরুরি চিকিৎসা কর্মকর্তার। শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য ১৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে চিঠি পাঠানো হয়েছে।