চিকিৎসকের ‘অবহেলায়’ অন্তঃসত্ত্বার মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ
চিকিৎসকের অবহেলায় জোবেদা বেগম নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ এনে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ওই চিকিৎসককে হাসপাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে বিক্ষোভ করেছে। দুই ঘণ্টা পর পুলিশি প্রহরায় তিনি হাসপাতাল ত্যাগ করেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর অদূরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি তদন্তে হাসপাতালের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধামরাই থানার পুলিশ ও মৃত গৃহবধূর স্বজনদের বক্তব্যমতে, প্রসবব্যথা নিয়ে উপজেলার মান্দারচাপ গ্রামের কবীর হোসেনের স্ত্রী জোবেদা বেগম (২০) মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তির কয়েক ঘণ্টা পরই জোবেদা প্রসবব্যথায় কাতর হয়ে পড়েন। এর পরও উপযুক্ত চিকিৎসা না দিয়ে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার তাঁকে স্বাভাবিক প্রসব হওয়ার আশ্বাস দিতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত স্বাভাবিক প্রসব না হওয়ায় চিকিৎসক হাজেরা শিরীন হক অস্ত্রোপচারের (সিজার) জন্য গতকাল দুপুরে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এরপর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার সময় বিকেল সাড়ে তিনটার দিকে জোবেদা মারা যান। জোবেদা মারা যাওয়ার পর সেখানে উপস্থিত স্বজন এবং এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে চিকিৎসক হাজেরাকে হাসপাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। তারা হাসপাতাল ঘেরাও করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সরকারসহ হাজেরা খাতুন এবং অন্যান্য চিকিৎসকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে অবরুদ্ধ চিকিৎসকদের উদ্ধার করে। পরে পুলিশি প্রহরায় চিকিৎসক হাজেরা হাসপাতাল ত্যাগ করেন। জোবেদার বড় ভাই আজাদ হোসেন অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলার কারণেই তাঁর বোনের অকালমৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে হাজেরা শিরীন হক সাংবাদিকদের বলেন, জোবেদাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর সময়মতো অবেদনবিদ না আসায় তাঁর অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তবে অবেদনবিদ সাইফুল ইসলাম বলেন, জরুরি বিভাগে দায়িত্ব পালন করার কারণে তাঁর পক্ষে সময়মতো অপারেশন থিয়েটারে যাওয়া সম্ভব হয়নি। এর পরও দুপুর আড়াইটায় জোবেদাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অজ্ঞান করা হয়নি। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সরকার বলেন, চিকিৎসকের অবহেলার কারণে জোবেদা মারা গেছেন কি না, তা তদন্ত ছাড়া বলা মুশকিল। বিষয়টি তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।