চিকিৎসকের 'ভুলে' প্রসূিতর মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার একটি বেসরকাির চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিকে) অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবকালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর এবং অস্ত্রোপচারকারী চিকিৎসককে মারধর করেছে।
গতকাল রোববার বৃষ্টি খাতুন (২৪) নামের এক প্রসূতির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার সান্ন্যালপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী বৃষ্টির প্রসব বেদনা উঠলে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত কয়েকজন সেবিকা বৃষ্টিকে অস্ত্রোপচার করাতে পরামর্শ দেন। তাঁরা বৃষ্টিকে পৌর এলাকার কানাইবাড়ি মোড়ে অবস্থিত মেডিসিটি ক্লিনিকে নেওয়ার পরামর্শ দেন। তাঁদের পরামর্শে গতকাল সকাল সাতটার দিকে তাঁকে সেখানে নেওয়া হয়৷ সেখানে সাড়ে আটটার দিকে মামুন খান নামের এক চিকিৎসক বৃষ্টির অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম হয়৷ সন্তানটি স্বজনদের বুঝিয়ে দেওয়ার পর বৃষ্টিকে অস্ত্রোপচারকক্ষে দীর্ঘ সময় রাখা হয়। এরই ফাঁকে ক্লিনিকের ব্যবস্থাপক পালিয়ে যান। উদ্বিগ্ন স্বজনেরা রোগীর অবস্থা জানতে চাপাচাপি করতে থকেন৷ এই পর্যায়ে রোগীকে দ্রুত অন্য কোনো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, বেশ আগেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ক্লিনিকটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ছাড়া এলাকাবাসী মামুন খানকে মারধর করেন। পরে পুলিশ মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷
বৃষ্টির ভাশুর দুলাল হোসেন বলেন, ‘কয়েক দিন আগেও মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছি। তিনি বলেছেন অবস্থা ভালো, স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হবে। অথচ বৃষ্টিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কয়েকজন সেবিকা কারসাজি করে আমাদের ওই ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য পাঠান। আমরা যখন ক্লিনিকে যাচ্ছি, তখন সেবিকাদের মধ্য থেকে ক্লিনিকে বারবার ফোন করে রোগী পাঠানোর খবর দেওয়া হচ্ছিল এবং কমিশন রাখতে বলা হচ্ছিল। ক্লিনিকে কোনো অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) ছিলেন না। যিনি অস্ত্রোপচার করেছেন, তিনি আদৌ চিকিৎসক কি না বা চিকিৎসক হলেও তাঁর অস্ত্রোপচার করার যোগ্যতা আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, চিকিৎসক রোগীর পেটে কাঁচি রেখেই সেলাই করেছিলেন। সেলাই কেটে কাঁচি বের করতে গিয়ে এবং অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্য হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মামুন খান অচেতন থাকায় তাঁর কাছ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ক্লিনিকের মালিক ইমামুল হোসেন মুঠোফোনে জানান, ঘটনার সময় তিনি ক্লিনিকের বাইরে থাকায় এ ব্যাপারে কিছু জানেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা জানান, কোনো সেবিকা ওই প্রসূতিকে ক্লিনিকে পাঠাতে প্রভাবিত করেছেন কি না বা ওই নারীর স্বাভাবিক প্রসবের সম্ভাবনা ছিল কি না, সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিনিক পরিদর্শনকালে বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, পুরো ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।