চিকিৎসকেরা অ্যাপ্রোন না পরায় স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা সাদা অ্যাপ্রোন পরে দায়িত্ব পালন করবেন, এমনটাই রীতি। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এই রীতি মেনে চলতে চান না। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শনিবার দুপুর ১২টায় হঠাৎ হাজির হন রাজধানীর এই সরকারি হাসপাতালটিতে। তিনি চিকিৎসকদের কয়েকটি কক্ষে ও বেশ কয়েকটি ওয়ার্ডে ঢুকে পড়েন। তখন তাঁর চোখে পড়ে কর্তব্যরত বেশ কিছু চিকিৎসকের গায়ে অ্যাপ্রোন নেই।

মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সভা করেন। ওই সভাতে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবদুল মান্নান বিশ্বাস বলেন, হাসপাতালে শয্যার তুলনায় কর্মচারীর সংখ্যা কম। ইন্টার্ন চিকিৎসকেরা মন্ত্রীকে বলেন, ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের পৃথক হোস্টেল থাকলেও তাঁদের নেই।

একপর্যায়ে হুইলচেয়ারে চড়ে ভিড় ঠেলে মন্ত্রীর সামনে হাজির হন জানে আলম নামের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি বলেন, হাসপাতালে কেবিনের সংখ্যা খুব কম। কেবিনের মানও খুব খারাপ।

সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।

হাসপাতাল ছাড়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ওই কর্মচারী নেতাকে তিন দিনের মধ্যে হাসপাতালের মধ্যে থাকা সব ধরনের দোকান উচ্ছেদ করার নির্দেশ দেন। হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন ছিলেন।